24/08/2026
শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃক্রীড়া ফুটবলের জমজমাট ফাইনাল
উৎসবমুখর পরিবেশ আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো আন্তঃক্রীড়া ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। মাঠজুড়ে ছিল তারুণ্যের উচ্ছ্বাস, প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ আর জয়ের প্রত্যাশায় প্রাণবন্ত মুহূর্ত।
অধ্যক্ষ রেজাউল করিম মজুমদারের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত এ খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক কামরুন নেছা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক নয়ন দেওয়ানজী, সেলিনা আক্তার, বিষ্ণু পদ সরকার, আব্দুর রহমান জকি, বিপ্লব কুজুর, রৌশনী মোবারক মাহিন, ইসমাইল হোসেন, আবুল কালাম,পরেশ সাহা,মুতাসিম বিল্লাহ মামুন প্রমুখ।
দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও মুহুর্মুহু আক্রমণে ফাইনাল ম্যাচটি হয়ে ওঠে দারুণ উপভোগ্য। শেষ বাঁশি বাজার পর ৩–১ গোলের ব্যবধানে কলেজ শাখা বিজয়ের মুকুট অর্জন করে। বিজয়ী দলের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
খেলা পরিচালনায় দায়িত্ব পালন করেন তরুণ সরকার।
শিক্ষার্থীদের ক্রীড়ামনস্কতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চার মধ্য দিয়ে একটি সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত প্রজন্ম গড়ে ওঠার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।