25/12/2023
লিবিয়ার পূর্বাঞ্চলীয় দারনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৩ জন ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ২৭ জনসহ মোট ১৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন৷
আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় বৃহস্পতিবার তাদের দেশে ফেরানো হয়৷ এদিন, ভোর সাড়ে ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে৷
লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সহযোগিতায় দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়৷ প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টসহ বৈধ কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ায় তাদেরকে দেশে ফেরাতে কিছুটা সময় লেগেছে৷
বিমানবন্দের এসব বাংলাদেশিদের অভ্যর্থনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম৷ ফিরে আসা প্রত্যেক বাংলাদেশিকে পকেট মানি হিসেবে পাঁচ হাজার ৯১৯ টাকা এবং কিছু খাবার দিয়েছে আইওএম৷
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে যৌথভাবে কাজ করছে ত্রিপোলিতে বাংলাদেশি দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম৷ এ বছরের জুলাই থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত লিবিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা মোট ৯৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে৷
শিগগিরই অনিয়মিত সব বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়৷
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়