06/01/2015
সারাদেশে টানা অবরোধ চলবে : দেশনেত্রী বেগম খালেদা জিয়া
ঢাকা, জানুয়ারি ৫, সোমবার : সারাদেশে টানা অবরোধ কর্মসূচী ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ২০ দলীয় জোট আয়োজিত ‘৫ জানুয়ারি : গণতন্ত্র হত্যা ও কালো দিবস’ কর্মসূচীতে বিএনপি চেয়ারপার্সনকে আটক এবং দেশব্যাপি বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা, গুলি, পুলিশি ও আওয়ামী আক্রমণ এবং কর্মসূচীতে বাধা দেয়ার প্রতিবাদে সারাদেশে অনির্দিষ্টকালের এ অবরোধ কমসূচি ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের অবরুদ্ধ অবস্থায় ফটকের ভেতর থেকে তিনি দেশবাসী এবং সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন।
দেশবাসীকে অবরোধ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়া বলেন, সরকার যদি আমাকে অবরুদ্ধ না করে তাহলে এতো পুলিশ দিলো কেন? আমি প্রশ্ন করতে চাই আমাকে কী কারণে অবরুদ্ধ করা হয়েছে? গোটা দেশ এখন কারাগার। অবস্থা দেখে মনে হয়, দেশে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে।
এর আগে গুলশান কার্যালয় থেকে বাইরে বের হওয়ার উদ্দেশ গাড়িতে উঠেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু তার কার্যালয়ের গেটে পুলিশ তালা লাগিয়ে দেয়ায় গাড়ি নিয়ে বাইরে বের হতে পারেননি তিনি। নজিরবিহীন ভাবে গেটের ভিতরে নেতাকর্মীদের উপর পিপার স্প্রে করা হয়। প্রায় ৫০ মিনিট গাড়িতে বসে থাকার পর গাড়ি থেকে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
দেশনেত্রী বলেন, আমি শুধু অবরুদ্ধ নই, গোটা দেশ আজ অবরুদ্ধ। নতুন একটি নির্বাচনের জন্য আলোচনা করা যেতে পারে। আমরা তাদের সাড়া পাইনি।
আমরাতো শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম। অতীতে আমরা যত সমাবেশ করেছি সেখানেতো কোন গণ্ডগোল হয়নি। তাহলে কেন সমাবেশ করতে দেয়া হল না? সমাবেশটা হত, তখন বোঝা যেত জনগণ কার সাথে আছে।
সরকারের প্রতি তিনি প্রশ্ন করে বলেন, আমরা চেয়েছিলাম একটা সমাবেশ করব। সরকার আমাদের সমাবেশ করতে দিল না। সমাবেশ করতে না দেওয়ার কারণটি কী? সরকার বলেছে আমাকে অবরুদ্ধ করে রাখেনি, নিরাপত্তা দিয়েছে। আমি জানতে চাই এটা কোন ধরনের নিরাপত্তা? কোনোদিন তো তারা নিরাপত্তা দেয়নি। হঠাৎ করে মাঝে মধ্যে আটকে রেখে কীসের নিরাপত্তা? জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য একটি নির্বাচন করতে হবে। সবার অংশগ্রহণে একটি নির্বাচন করতে হবে। বর্তমানে যে সরকার আছে সেই সরকার জগণের দ্বারা নির্বাচিত নয়।