16/12/2021
#শুভ_সৌভাগ্যসপ্তমী২০২১
#১০দিনের_অপেক্ষা
শ্রীগুরুদেবের শুভ আবির্ভাব তিথি পৌষ কৃষ্ণ সপ্তমী, বৃহস্পতিবার, সৌভাগ্যযোগ
পঞ্জিকা মতে এই বছর ২৬শে ডিসেম্বরে সাড়ম্বরে অনুষ্ঠিত হবে।
শ্রীমদ্ভাগবতে বর্ণিত আছে শ্রীভগবানকে লাভ করার জন্য গোপীরা সম্পূর্ণ অগ্রহায়ণ মাসে কাত্যায়নী ব্রত করেন। ব্রতের ফলস্বরূপ তাঁরা মহারাসের বরলাভ করেন।
"আত্মা পরমাত্মা কী মিলন কী মধু মাস হৈ"
"মাসানাং মার্গশীর্ষোহস্মি"
প্রমুখাদি বাক্যে মার্গশীর্ষের হেমন্তের জয়গান করা হয়েছে।
আমাদের মত শিষ্যরা যারা পূর্ব পূর্ব জন্মের কর্মবশতঃ উদ্ধার হতে পারিনি বা মুক্তি পাইনি তাদের উদ্ধার করার জন্য হয়ত কত জন্মের কত কাত্যায়নী ব্রতের ফলস্বরূপ আমরা শ্রীগুরুদেবকে পেয়েছি, তিঁনিও মা কাত্যায়নীর আশীর্বাদলব্ধ বরদানের ন্যায় "রমাপ্রসাদ" রূপে ভূতলে এসেছেন পৌষের সপ্তমীর প্রাতেঃ সাক্ষাৎ মন্মথ মন্মথ।
আমাদের মত প্রাকৃত শিষ্যজনের তিনি ভুক্তি মুক্তি প্রদায়ক, তিঁনি জ্ঞান-ভক্তি-বৈরাগ্যের ত্রিবেণীসঙ্গম- তিঁনি যোগক্ষেম প্রদানকারী- তিঁনি হলেন ভবরোগবৈদ্য-ভবার্ণবের কাণ্ডারী।
আমাদের সাধনা-আরাধনা-কাতর প্রানের নৈর্ব্যক্তিক বেদনা কারণ যাই হোক না কেন তিনি স্থির থাকতে পারেননি, এসেছেন নেমে ভূতলে- আমাদের মধ্যে - আমাদের মত হয়ে। হাসি গল্প কীর্তন প্রবচন যে কোন প্রসঙ্গে তাঁর একটাই আদেশ- উপদেশ-
"বিশ্বাস করো", উনি জানেন আমাদের সন্দিগ্ধমন- অল্পজ্ঞান-খণ্ডবিদ্যা-মৃতপ্রায় বিবেক- ত্রিতাপগ্রস্ত শরীর-মোহাসক্ত মন- এর কোনটাই আমাদের সহায়ক নয়। একমাত্র বিশ্বাস Faith-একমাত্র অস্ত্র যা দিয়ে আমাদের শত্রুবিনাশ হবে। বিশ্বাসটা যদি একবার পরিপক্ক হয়ে যায় কোন বাধা বাধা বলে বোধ হবেনা। কিন্তু কলির এমন প্রভাব শাস্ত্রে আমাদের আস্থা নেই, মন কুকথাতে মগ্ন।
গুরুদেব বারবার বলেন, "আমার কথা বিশ্বাস করো", শাস্ত্রে আছে, সাধনার শুরুতেই চাই বিশ্বাস। বাবা সন্তদাসজী তাঁর ডায়েরীর শুরুতেই লিখছেন- গুরুবাক্যে বিশ্বাস ও তদ্ধেতু সন্তোষ। বিশ্বাস কি? বিশ্বাস মানে নির্বিচারে নির্বিকারে নিঃসন্দেহে গুরুবাক্য পালন। আসলে এই বিশ্বাসটাই #গুর্ব্বাজ্ঞানুবৃত্তি। উনি জানেন, আমরা শুনছি ঠিকই কিন্তু মনে প্রবিষ্ট করাতে পারছি না। সেখানে অনেক ময়লা জমে আছে। অনেক সংস্কারের ছাপ যা আমাদের বিশ্বাস আর সন্তোষ কোনটাই দিচ্ছেনা।
গুর্বাজ্ঞানুবৃত্তি হল সহজতম রাস্তা আধ্যাত্মিক উন্নতির। তাই আমরা সকলে গুরুবাক্যে বিশ্বাস লাভ যেন করতে পারি - শ্রীগুরুচরণে এই প্রার্থনা। আর মাত্র ১০ দিন বাকী উৎসবের- আমাদের অঙ্গীকার হোক যথাসাধ্য আমরা চেষ্টা করব, সেই বিশ্বাস লাভ করার- তিঁনি আমাদের সহায় হউন- আমরা যেন নিজেদের সেই শুভ ক্ষণের জন্য প্রস্তুত করতে পারি- নির্দ্বন্দ্ব- নির্বিকার- নির্বিচারে তাঁর উপদেশ আদেশ পালনে ব্রতী হতে পারি।
॥জয় জয় শ্রীরাধে॥