19/11/2025
শিক্ষা ভাবনা, আদর্শ ও চিন্তা চেতনার প্রসারের লক্ষ্যে বলরামপুর ব্লকের মালতি শ্যামনগর জিলপা লায়া উচ্চ বিদ্যালয় চত্বরে স্থাপন করা হয়েছিল পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এক আবক্ষমূর্তি। আজ সেই আবক্ষমূর্তির প্রাণ প্রতিষ্ঠা পেল জেলা বিদ্যালয় সমূহের পরিদর্শক (ডি.আই, সেকেন্ডারি এডুকেশন) মাননীয়া মহুয়া বসাকের উপস্থিতিতে। এই দিন সকলের উপস্থিতিতে তিনি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। সঙ্গে ছিলেন এ.আই ( পুরুলিয়া) মাননীয় শ্রী রজত বৈষ্ণব। অসংখ্য ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে এই দিন একটি ছোট অথচ মনোজ্ঞ অনুষ্ঠান মঞ্চস্থ হয় বিদ্যালয়ের অনুষ্ঠান মঞ্চে। এই দিন জেলা বিদ্যালয় পরিদর্শক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মজীবন ও অসামান্য অবদানের নানা দিক সম্পর্কে আলোকপাত করেন ছাত্র-ছাত্রীদের কাছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তীর্থঙ্কর ব্যানার্জী তাঁর স্বাগত ভাষণে জানান এই আবক্ষ মূর্তির প্রতিস্থাপনে বিদ্যালয়ের কোন ফান্ড ব্যবহার করা হয়নি। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বর্তমান শিক্ষক শিক্ষিকারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। একই দিনে পরিবেশ রক্ষার ভাবনা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের পাশে নিয়ে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন করেন জেলা বিদ্যালয় পরিদর্শক। এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের মঞ্চে বিদ্যালয়ের তরফ থেকে বিশেষ অতিথিদের স্মারক ও সম্মাননা প্রদান করা হয়।