09/08/2026
সুপ্রিয় সংগঠন সাথী,
ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের মুকুটে আর একটি নতুন পালক সংযোজিত হলো আজ। কানায় কানায় ভরা প্রায় দুইশত পঞ্চাশ অধিক সদস্যের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে অন্য আর এক ইতিহাসের সাক্ষী হয়ে রইলো ভেটেরিনারি কাউন্সিলের সভাকক্ষ। আমাদের প্রিয় সংগঠন ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি এ্যালামনি এ্যাসেসিয়েশনের ৪৮তম জন্মবর্ষে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো আজ, ৯ই আগষ্ট'২০২৬, রবিবারে। শ্রাবনের মেঘমুক্ত আকাশে ভুবনডাঙার উঠোন জুড়ে বাইরে যখন চোখ ঝলসানো রোদ, ১৯৭৯ এর ৮ই আগষ্ট, ইতিহাস ঐতিহ্য ও পরম্পরার সিঁড়ি বেয়ে উঠে এল ৯ই আগষ্ট'২০২৬, রবিবারের শুভক্ষণে।
প্রিয় সংগঠনের সাফল্য ও শৌর্যের পতাকা উত্তোলন করলেন সংগঠনের সভাপতি, মাননীয় ডাঃ শোভনানন্দ মোহান্তি মহোদয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত হলো কাউন্সিল চত্ত্বর।
সংগঠনের প্রাক্তন ও বর্তমান মিলিয়ে সর্বস্তরের সর্বাধিক নেতৃত্ব সহ বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় ডি এস ডবলিউ ডাঃ পঙ্কজ কুমার বিশ্বাসের সোজ্জল উপস্থিতি আজকের অনুষ্ঠানের বড় প্রাপ্তি।
বর্ষীয়ান প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ নারায়ণ প্রসাদ আচার্য মহোদয়কে সম্বর্ধনা ও সম্মাননা জ্ঞাপনের মধ্যদিয়ে ঋদ্ধ হলো সংগঠন। তাঁর মূল্যবান স্মৃতিচারণ আমাদের আজকের অর্জন, আগামীর উদ্যম ও শক্তি।
নিরন্তর পথ চলায় আমরা বিশ্বাসী। সামাজিক দায়বদ্ধতা আমাদের সাংগঠনিক ব্রত। বিশ্ববিদ্যালয়ের দশজন মেধাবী ছাত্রের হাতে বৃত্তি তথা আর্থিক সহায়তা তুলে দেওয়ার আজ ছিল পঞ্চম বর্ষ। এবারেও আমরা প্রত্যেকের হাতে প্রতিমাসে এক হাজার টাকা হিসেবে এক বছরের মোট বারো হাজার টাকার চেক সহ স্মারক ও উপহার সামগ্রী তুলে দিয়ে চেষ্টা করি ওদের পাশে থাকতে, ওদের সহায়ক শক্তি হতে।
বহুধা আমাদের ভাবনা। বিস্তার ও ব্যাপ্তির ব্যাপকতায় না পারলেও আমরা সাধ্যমতো চেষ্টা করি ভাবনার বাস্তবায়ণে। এবারও আমাদের প্রিয় সংগঠনের সুপ্রিয় সদস্য-সদস্যাদের কৃতি সন্তান-সন্ততিদের মধ্যে বোর্ড নির্বিশেষে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফলতম প্রায় আটজনের মেধা, নিষ্ঠা ও অধ্যবসায়কে সম্বর্ধিত করলাম আমরা। আমাদের সন্তান সন্ততি, এরা আমাদের গর্ব, এদের মধ্যেই আমরা দেখতে চাই আগামীর কোনো বিশেষ মানুষ কে।
সময়ের সামগ্রিকতায় কঠিন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েও আমাদের প্রিয় সংগঠনের নতুন সদস্য পদ নেওয়া এরকম প্রায় দশজন 'নিওভেট' কে আমরা সম্বর্ধনা জানিয়ে আপন করে নিলাম আমাদের মাঝে। রক্তদানের মতো মহতী কর্মসূচীকে উৎসাহিত করতে আমরা সম্বর্ধনা জানালাম নিয়মিত রক্তদাতা আমাদের কয়েকজন সদস্যবন্ধুকে।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হলো আমাদের প্রিয় বার্ষিক সাধারণ সভা। সময়ের দাবী মেনে প্রয়োজনীয় সংবিধান সংশোধনী সহ পেশার স্বার্থে, প্রান্তিক প্রাণী পালকদের স্বার্থে বিভাগীয় সমস্ত কর্মসূচীর সফল ও সার্থক রূপায়ণে সংগঠনের আশু কর্মধারা নিয়ে বিশদে আলোচনা হলো। আলোচনায় অংশ নিলেন সাধারণ সদস্যরাও।
সংগঠনের সভাপতি ডাঃ শোভনানন্দ মোহান্তি মহোদয় পৌরোহিত্য করেন আজকের সমগ্র অনুষ্ঠানে। সবশেষে তাঁর কথা, ধন্যবাদ জ্ঞাপন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুভ সমাপ্তি সূচিত হয় আজকের মহতী এই অনুষ্ঠানের।
বন্ধু, আমরা বিশ্বাস করি, 'রচিবে যাহা তাহাই সত্য। যাহা ঘটে, সব সত্য নহে!' আমরা যেমন ইতিহাসে আস্থা রাখতে জানি, রচনাও করতে পারি নিত্য-নতুন ইতিহাস। আমাদের সাংগঠনিক সুবিশাল কর্মকান্ড সেটাই প্রমান করে এসেছে, আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকে। আর তা সবসময়ের জন্য সম্ভব হয়েছে, সমস্ত সদস্যের সম্মিলিত শক্তি ও আন্তরিক প্রয়াসের ফলে। আগামী দিনে আমাদের বর্ষীয়ান প্রতিষ্ঠাতা-সদস্যদের অকুন্ঠ আশীর্বাদ এবং সকলের পূর্ণ সহযোগিতায় আমাদের সংগঠনের নিরলস কর্মপ্রয়াস নিয়ত জারী থাকবে, এই সুগভীর প্রত্যাশা রাখি।
জয়হিন্দ, বন্দেমাতরম,
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।।
জাতীয়তাবাদী অভিনন্দন সহ
ডাঃ শুভেন্দু হালদার
সাধারণ সম্পাদক/WBVAA
🙏🏻🙏🏻