13/11/2025
"আলোর পরশ"..., পাঁচের দশকের শেষদিকে কসবার বুকে ছোটদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রয়াসে কসবা সাধারণ পাঠাগারের ছত্রছায়ায় যে শিক্ষা প্রতিষ্ঠানটির শুভ সূচনা হয়েছিল, আজ ২০২৫-এর শেষ প্রান্তে এসেও সেই "আলোর পরশ" এর আলোয় আলোকিত হচ্ছে বহু কচি-কাঁচারা । শুধু প্রথামাফিক পুঁথিগত শিক্ষাই নয়, এর পাশাপাশি সঙ্গীত চর্চা, অঙ্কন শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ সহ ছোটদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য শিবির, সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রভৃতি নানান সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আলোর পরশ তাদের সামাজিক দায়িত্ব পালন করে এসেছে বারংবার । পরিচালন সমিতি এবং শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অফুরন্ত ভালবাসায় ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সুন্দর ভাবে গড়ে তোলার সেই নিত্যনতুন প্রয়াস নিরলসভাবে চলমান বর্তমানেও । তারই অঙ্গ হিসেবে এবারের শিশুদিবসে আলোর পরশের একটি অভিনব এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে একটি অতি প্রয়োজনীয় উদ্যোগ ভারত সরকারের ডাক-বিভাগের সহযোগিতায় স্কুলের বর্তমান সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে "আধার নিবন্ধীকরণ শিবির"। কোথাও না গিয়ে, নিবন্ধীকরনের জন্য নির্ধারিত আর্থিক খরচটুকুও না করে (যা বহন করবে "আলোর পরশ") স্কুলে বসেই কয়েক মিনিটের মধ্যে এই অতি প্রযোজনীয় আধার নিবন্ধীকরণ শিশুদিবসে আলোর পরশের পক্ষ থেকে সত্যিই একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ । ক্যাম্প শুরু ১৪ই নভেম্বর, শুক্রবার সকাল ১০টায় । চলবে যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে নিবন্ধীকরণ ।
আমার ও আমার মতো বহু প্রাক্তনীদের প্রথম শিক্ষার আলোর দিশারী এই ঐতিহ্যশালী ও ভালবাসার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রইল এক আকাশ শুভেচ্ছা ও শুভকামনা ।
আমাদের প্রাক্তন ছাত্র ইন্দ্রনীল সরকার এর শুভেচ্ছা বার্তা