14/03/2026
আজ ১৪ ই মার্চ। বিশ্ব পাই দিবস। গাণিতিক ধ্রুবক পাই-এর সম্মানে আজকের দিবসটি পালন করা হয়। পাই দিবস ১৪ মার্চ দুপুর ১টা ৫৯ মিনিটে পালন করা হয়। এ দিন দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয়।ইউক্লিডীয় সমতলীয় জ্যামিতিতে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে 'পাই' হিসেবে সংজ্ঞায়িত করা হয়। উইলিয়াম জোনস সর্বপ্রথম ১৭০৬ সালে 'পাই' প্রতীকটির প্রচলন করেন। তবে এ প্রতীকটিকে জনপ্রিয় করেন সুইস গণিতবিদ লিওনার্দো ইউলার।
প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা। এই নির্দিষ্ট সংখ্যাটিকে π (পাই ) চিহ্ন দ্বারা লেখা হয়। এটি একটা অমূলদ সংখ্যা। দুটো পূর্ণসংখ্যার ভাগফল হিসাবে এটাকে কোনো দিনও প্রকাশ করা যাবে না। দশমিকের পরে এটাকে লিখে কোনো দিনও শেষ করা যাবে না। π এর মান ২২/৭ ( প্রায় ) বা ৩.১৪ ( প্রায় )।
পাইয়ের ব্যবহার শুধু গণিতবিদ্যায় সীমিত নয়, রসায়ন ও পদার্থবিদ্যাতেও এর প্রচলন আছে। যুক্তরাষ্ট্রে তারিখ লেখার সময় আগে মাস লেখে, তারপর দিন। আগেই বলেছি, পাইয়ের মান হলো ৩.১৪১৫৯…। এর থেকে প্রথম তিনটি অঙ্ক নিলে পাওয়া যাবে ৩.১৪। এটাকে মার্কিনদের মতো করে ভাবা যায় মার্চের ১৪ তারিখ। সেখান থেকেই এই পাই দিবসের উত্থাপন।
আমরা অনেকেই ভাবি "অঙ্ক কি কঠিন!" তবে দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপেই আছে অঙ্ক। যাইহোক, অঙ্কের কোনো একটা ব্যাপার নিয়েও যে একটা দিবস হতে পারে, সেটা যথেষ্টই অভাবনীয়। 'পাই দিবস' সংখ্যার প্রতি ভালোবাসা উদ্যাপনের দিন, আর তাই সংখ্যাপ্রেমী মানুষের কাছে বিশেষ আনন্দের দিন! আর এ দিনটিতেই আমাদের প্রিয় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্মদিন,সুতরাং আনন্দের মাত্রাটাও দ্বিগুণ। তবে দুঃখও একটু জুড়ে রয়েছে এই দিনের সাথে। এই দিনেই মৃত্যুবরণ করেন আরেক বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং।
তথ্যসূত্র : গুগল ও ফেসবুক।
তথ্য সংগ্রহ : শিক্ষিকা শ্রীমতি মুনমুন খাঁ