02/05/2023
মহারাজা, তোমারে সেলাম
লেখনী- সৈকত
ম-হীরূহ তুমি এক, গুনীজন মাঝে,
হা-জার সুকীর্তি তব সগর্বে বিরাজে।
রা-জাদের রাজা তুমি সিনেমা জগতে,
জা-তির গৌরব তুমি যে, রত্ন ভারতে।
তো-মার প্রতিভা জ্বলে "মানিকের" মতো,
মা-নিক তো নয়, কোহিনুর হীরা সে তো!
রে-খা, লেখা, আঁকিবুঁকি, সাহিত্য রচনা?
সে-কাজে ভাস্বর তুমি, পাইনা তুলনা!
লা-খো মনে আজও তুমি আছো অম্লান,
ম-হারাজা সত্যজিৎ তোমারে সেলাম।
©Saikat Webinfi
যে মানুষটার প্রতিভার আলোয় বাঙালি জাতি আলোকিত, সেই বহুমুখী প্রতিভাধর মহান শিল্পী, ভারতরত্ন সত্যজিৎ রায়ের জন্মদিনে ওয়েবইনফির তরফ থেকে রইল বিনম্র শ্রদ্ধাজ্ঞলি।
মানিকবাবু, অর্থ্যাৎ সত্যজিৎ রায়ের সৃষ্টির পরতে পরতে রয়েছে ধাঁধা-হেঁয়ালি-খামখেয়ালি আর মগজাস্ত্রের নানান কারিকুরির ছাপ, মনিমানিক্যের দ্যূতি। তাই তার প্রতি শ্রদ্ধাজ্ঞলিতেও একটু বিশেষত্ব থাকবে না, তাই কি হয়? কবিতাটার প্রতি লাইনের প্রথম অক্ষরগুলো ওপর থেকে নীচে পড়লে দেখা যাবে লেখা আছে- মহারাজা তোমারে সেলাম (মাইকেল মধুসূদন দত্তর থেকে এই রীতিতে অনুপ্রাণিত)।
শুধু তাই নয়, গুনলে দেখা যাবে প্রতিটা লাইনের অক্ষরসংখ্যাও এক। প্রতি লাইনেই ১৪ টি করে অক্ষর আছে। সত্যজিৎ রায়ের ভাষার রেশ ধরে বলা যায়, "এবারো বারো" নয়, এবারো ১৪ (এই রীতিও মাইকেলের থেকেই অনুপ্রাণিত)।
যার লেখা-রেখা আর চলচ্চিত্র দেখে ক্রিয়েটিভিটি শব্দটার মানে শিখেছিলাম, সেই মহান শিল্পীর প্রতি আমার বিনম্র শ্রদ্ধাজ্ঞলী 🙏🏻।