30/08/2023
সোমরূপ মুখার্জী। দ্বাদশ শ্রেণীর ছাত্র। ও আমাকে মামা বলে। কয়েকদিন আগে ফেসবুকে আমার একটি কবিতা পড়ে যে মন্তব্য করেছে তা পড়ে আমি বিস্মিত। বন্ধুদের জন্য আমি ওর পুরো লেখাটা পোস্ট করলাম।
তোমরা আমাকে যেভাবেই জেনেছো
আমি চাই, অমলিন হোক
তোমাদের কাছে আমার সে পরিচয়
কারিগরের কারিগরি যাই হোক
আখেরে সত্যের হয় জয় -
অর্থ: পৃথিবীতে বিভিন্ন মানুষের কাছে ভালোবাসার সংজ্ঞা বিভিন্ন,কারিগর অর্থাৎ ঈশ্বর যাই ঠিক করে রাখুন কেন আখেরে অমলিন এবং সত্য ভালোবাসার জয় হয়।
যে আগুন আমার ছিল
সে আগুনের পরশ তোমাদের দিয়েছি,
কিন্তু পোড়াতে পারিনি, শুধু জ্বলেছি আমি -
আজো দুর্যোগের আভাস পেলে
আধপোড়া হৃদপিণ্ডটা আগলে রাখি
যদি কখনো তা তোমাদের কাজে লাগে -
অর্থ: ভালোবাসা মানে এক উন্মাদনা,ভালোবাসা মানে এক প্রাণের স্পন্দন,ভালোবাসা মানে আগুনের স্ফুলিঙ্গের সঞ্চার।ভালোবাসা চিরকাল মানুষকে এই স্ফুলিঙ্গ দিয়ে গেছে।তবু যখন জীবনে বিচ্ছেদ ঘটে বা কোনোকিছু ঠিক মতো হয় না তখন সমস্ত দোষের ভাগিদার হয় এই ভালোবাসা। আজও দুর্যোগ অর্থাৎ বিচ্ছেদের আভাস পেলেও ভালোবাসার পরিসমাপ্তি ঘটে না। সে মনের কোনো এক কোণায় বেঁচে থাকে পুনর্মিলনের আকাঙ্খায়।
না না তোমরা আমাকে ভুল বোঝোনি
ভুল সবটা আমারই -
কাঁচা শামুকে পা কেটেছে - সে আমার অসাবধানতাবশত
তোমাদের তাতে কী!
অর্থ: মানুষ কখনোই ভালবাসাকে ভুল বোঝেনি। সব ভুল ভালোবাসার।বলে কয়ে হতে পারে তো, হঠাৎ করে কারুর জীবনে চলে আসে, সেটাতো অবশ্যই তারই ভুল।
হতে পারে আমি খেলার নিয়মটাই রপ্ত করতে পারিনি
কেউ পারেনি, যারা আগে এ পথ ধরেছিল
তবুও সে পথ অনুসরণ করেছে দলে দলে যুগে যুগে
অসুন্দরকে সুন্দর করার মারণখেলায় মরেছে অনেক
কিন্তু বেচেঁছে সহস্রাধিক -
মরণে আমারও ভয় নেই -
অর্থ: হতে পারে হয়তো এতবছর পরেও ভালোবাসা মানুষের মন জুগিয়ে কীভাবে চলতে হয় তা শেখেনি, কখন আসবে কখন যাবে সেই জ্ঞানটা তার এখনো হয়নি। যারা এতদিন ধরে এই পৃথিবীর বুকে হেঁটেছে ভালোবাসার পথ ধরে তারা কেউ পারেনি। তবুও যুগে যুগে মানুষ একে অন্যকে অনুসরণ করে এই পথে হেঁটেছে।আজকের দিনে যেখানে মানুষে মানুষে হিংসা,দ্বন্দ্ব, রেষারেষি,সেখানে ভালোবাসা আজও অসুন্দরকে সুন্দর করতে মত্ত। নিজের ভালোবাসাকে পেতে যুগে যুগে লেগেছে বহু যুদ্ধ, মরেছে বহু মানুষ। কিন্তু নিজেদের ভালোবাসাকে খুঁজে পেয়ে সুখে থেকেছে অনেকে। আজ যেখানে খুনোখুনি চারিদিকে বাড়ছে ভালোবাসাও বলছে যে মরণে তার ভয় নেই। কিন্তু সে মরে গেলে মানবসভ্যতাকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে কে? জবাব আছে কারুর কাছে?