25/09/2025
গতকাল এই ফেবুসমুদ্রে ভাসতে ভাসতে একটা রিল আমার চোখের সামনে এল। সেটাতে একজন ভদ্রমহিলা একটা উদাহরণ দিয়ে ছোট-বড় ভগ্নাংশ(fraction) চট করে কিভাবে বুঝতে হবে সেটার কৌশল দেখাচ্ছিলেন। তার আগের দিনও ওরকমভাবে একটা ভিডিও এসেছিল যেখানে এক স্কুলশিক্ষিকা তাঁর স্টুডেন্টদের ভগ্নাংশের একেবারে গোড়ার ধারণা(basic concept) দিচ্ছিলেন। বলা বাহুল্য, দুই ক্ষেত্রেই পাতি মুখস্থ করানো হচ্ছিল কিন্তু ভাবটা এমন ছিল যেন কতই না বোঝানো হচ্ছে!
এই যে "বোঝানো হচ্ছে" বলে আসলে মুখস্থ করানোর ধারা(tradition)টা সেই আদিমকাল থেকে চলে আসছে, আমি ঠিক সেটারই বিরুদ্ধে। এত আধুনিকতার পরেও সেই একই শিক্ষানীতি! যে সচেতন অভিভাবকরা বুঝবেন যে আমাদের শিশু শিক্ষাদানের পুরো ব্যাপারটাই আসলে মুখস্থ করানো, তাঁরাই শুধু চেষ্টা করবেন মূল ধারণাটা সন্তানকে দিয়ে দেওয়ার। কিন্তু প্রশ্ন - এটা সব অভিভাবকরা কিভাবে বুঝবেন? তাঁরা তো চোখের সামনে স্পষ্ট দেখছেন স্যার/ম্যাম কতভাবেই না বোঝাচ্ছেন!
বুঝতে পারা যায়। নিজেদের দেখার দৃষ্টিকোণটা শুধু একটু পাল্টাতে হবে তার জন্য। ভাল করে লক্ষ্য করতে হবে তাঁরা কি বলছেন? বলছেন(প্রথম ক্ষেত্রে) - এটার লবের(numerator) সঙ্গে ওটার হর(denominator) আর ওটার হরের সঙ্গে এটার লব গুণ করে দেখতে হবে কোনটা বেশি হচ্ছে। তারপর বাকিটা বলছেন। কিন্তু কখনো বলছেন না যে এমনটা কেন করা হবে? তাই যদি আপনি কখনো সুযোগ পান তাহলে এই প্রশ্নটা আপনাকেই করতে হবে। আর সন্তানকে প্রশ্ন করতে শেখাতে পারলে তো অতি উত্তম!
যাইহোক, আসলে যে কারণে আমি এটা লিখতে বসলাম সেটা খানিকটা আলাদা। তর্কের খাতিরে ধরে নিচ্ছি ভদ্রমহিলা চটপট করে উত্তরে পৌঁছনোর জন্য কৌশল দেখাচ্ছিলেন। সেখানে কারণ জানতে চাওয়াটা অবান্তর। বেশ। কিন্তু আমার প্রশ্ন, আপনার সন্তানের জন্য কোনটা বেশি প্রয়োজনীয়? কারণটা জানা নাকি শুধুই কৌশলটা জানা? যদি কারণটাকে আপনি বেশি প্রয়োজনীয় বলে মনে করেন, তাহলে নিজে কি কখনো সেই কারণটা অন্য যে কোনো সোর্স থেকে জানার চেষ্টা করেছেন? আর যদি আপনি কৌশলে চটপট অঙ্ক নামানোটাকে বেশি প্রায়োজনীয় বলে মনে করেন তাহলে এবারে এই গল্পে আসছে টুইস্ট, যে কারণে আমি এটা লিখতে বসলাম।
ভদ্রমহিলা উদাহরণটা নিয়েছিলেন 5/25 এবং 6/24 এই দুটো ভগ্নাংশ নিয়ে। এই দুটো ভগ্নাংশের কোনটা বড় আর কোনটা ছোট বুঝতে গেলে প্র্যাকটিক্যালি কোনোরকম ক্যালকুলেশন করারই প্রয়োজন পড়ে না। না, আমি অঙ্ক শেখাই বলে যে মনে মনে ক্যালকুলেট করে চটপট উত্তর দিতে পারব, সেজন্য এটা বলতে পারছি, সেটা নয়। যদি কারোর মধ্যে ভগ্নাংশের একেবারে প্রাথমিক ধারণাটা বেশ ভালভাবে পরিষ্কার থাকে, তাহলে সে কোনোরকম গণনা না করে জাস্ট এটা দেখেই উত্তর দিয়ে দিতে পারবে কোনটা বড় আর কোনটা ছোট।
আসলে আমি খুব স্পেসিফিক ভাবে এটা বলতে চাইছি - যেহেতু 5/25 আর 6/24 এই দুটোকেই কাটাকুটি করে ছোট করে নেওয়া যায়, কিন্তু এক্ষেত্রে সেই কাটাকুটি করার না জন্য যেটুকু ক্যালকুলেশন করতে হয় সেটাও করতে হবে না। তাই এই দুটোকে সামান্য একটু পরিবর্তন করে নিয়ে ভাবলে আপনাদের মধ্যে যাঁদের নিজেদের ভগ্নাংশের একেবারে বেসিক কনসেপ্টটা বেশ ভালভাবে ক্লিয়ার আছে আর অল্পবিস্তর চর্চাও আছে তাঁরা সেটা থেকেই বুঝে নিতে পারবেন ব্যাপারটা আসলে কেমন। তাই ধরে নিন ভগ্নাংশ দুটো হল 6/25 আর 7/24
আমার কাছে ভগ্নাংশের ক্লাস করা সকলেই আশাকরি 6/25 আর 7/24 কে দেখেই বুঝতে পারবে/পারবেন কোনটা বড় আর কোনটা ছোট। না বুঝতে পারলে সেটা সম্পূর্ণ আমারই ব্যর্থতা। সারমর্ম হল - সুস্পষ্ট একটা ধারণা থাকলে যে অনেক ক্ষেত্রেই খুব চটপট অঙ্ক নামানো যায় সেটা কিন্তু অনেক অভিভাবকই জানেন না।
যাইহোক, আজ আপনি এটা পড়লেন কিন্তু আমার পোস্টে পছন্দ, ভালবাসা, রাগ, দুঃখ, অভিমান কিছুই না করে চুপচাপ চলে গেলেন। তার মানে তো এই নয় যে আপনি সত্যিটা জানলেন না। এই যে আজ এরকম একটা সত্যি কথা জেনে ফেললেন অথচ সন্তানের কনসেপ্ট তৈরির জন্য ফাইনালি আপনি কিছুই করলেন না, এই জিনিসটাই কোনদিন হয়তো আপনার ভয়ংকর মনোবেদনার কারণ হবে। আমি আসলে সেইজন্যেই লিখি। তবে এরকম লেখা আর একেবারেই পড়তে না চাইলে এক্ষুণি আপনাকে যা করতে হবে সেটা আশাকরি আপনার অজানা নয়...
Tanmay Dawn
25.9.25