28/06/2023
"অতীতের ফেলে আসা সেই সোনালী দিনগুলো।"
অতীতের ফেলে আসা সেই সোনালী দিন গুলো হয়তো আমরা আর কখনও ফিরে পাবনা। কিন্তু খুব মনে পড়ে আমদের সেই শৈশব, কৈশোর যা অনেক দারিদ্রতার মধ্য দিয়ে কেটেছে।
হয়তো ফুটবল কেনার জন্য ১১ জন বন্ধু মিলে একটা ফুটবল কেনার অর্থের যোগান দেওয়ার সামর্থ হয়ে উঠত না।
আজকের দিনে একাই চাইলে একসঙ্গে অনেক ফুটবল কেনার সামর্থ্য আছে, কিন্তু সেই ১১ জন বন্ধুকে একত্রিত ভাবে খেলার জন্য আজ মাঠে পাওয়া যায় না ।
আর যদি বিনোদনের কথা বলি, সপ্তাহে একদিন ৩০ মিনিট পর্বের 'আলিফ লায়লা', 'শক্তিমান', 'আলিবাবা চল্লিশ চর ',
'রামায়ণ মহাভারত' সাদাকালো টিভিতে দেখার জন্য পুরো এক সপ্তাহ অপেক্ষিত হয়ে থাকতাম। বিশ্বাস করুন সেই অপেক্ষায় মনের মধ্যদিয়ে যে একটা আনন্দের জোয়ার বইত এবং সেই মুহূর্তটা যে আনন্দের সঙ্গে উপভোগ করতাম। আজকের দিনে খুবই সহজে ইন্টারনেটে মুহূর্তের মধ্যে চাইতেই বিনোদনের কত ভিডিও দেখতে পাওয়া যায়, কিন্তু সেই আনন্দ কিংবা অনুভূতি অনেক খুঁজে ও আজ পাই না।
আজ টেকনোলজির সাহায্যে পরিজনের সঙ্গে হাজার হাজার কিলোমিটার
দূরে থাকা বাড়ির সন্তানরা চাইলে এক সারা দিনে অসংখ্যবার ভিডিও কলিং এ কথা বলতে পারে। কিন্তু খুব মনে পড়ে ফেলে আসা ওই দিনগুলো। আমদের পাড়ার মানুষগুলো যখন ভিন রাজ্যে কাজের জন্য যেত এবং দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হওয়ার পর যখন একটা চিঠি পাঠাতো সেই দিন আমাদের পাড়া এক আনন্দ উৎসবে
ভরে উঠতো , পাড়ার সব থেকে বেশী শিক্ষিত কাকু চিঠি পড়তেন এবং তাকে ঘিরে সবাই বসে মনোযোগ সহকারে শুনতো।
আজ আমরা মোবাইল ব্যবহারের ফলে দূরের মানুষকে তো খুবই কাছে করতে পেরেছি। কিন্তু কাছে থাকা বাড়ির পরিবারের সদস্যদেরকে অনেক দূরে করে দিয়েছি।
তাদের সঙ্গে কথা বলার, তাদের সঙ্গে গল্প করার বিন্দুমাত্র সময়টুকু আমাদের কাছে নাই। কিন্তু মনে পড়ে আমাদের ফেলে আসা সেই সোনালী দিনগুলো, বড় দাদাদের কাছ থেকে "ঠাকুমার ঝুলি" বই হতে সেই "পান্তাবুড়ির গল্প"? দাদুর কাছ থেকে আম্বিয়া কাহিনী বই হতে 'মুসা এবং ফেরাউন' এর গল্প? কি না জমিয়ে আড্ডা হতো!
আজ আমরা বন্ধুরা পার্টির নামে ইচ্ছে হলেই গাড়ী নিয়ে Restaurant অথবা Food court
এ গিয়ে রোস্টেড চিকেন, পিজা, বার্গার খেয়ে আনন্দের মুহূর্ত গড়ে তোলার চেষ্টা করি।
কিন্তু আমাদের ফেলে আসা সেই সোনালী দিনগুলোতে সাইকেল চালিয়ে সমুদ্রের পাড়ে পিকনিকের মধ্য দিয়ে নিজেদের হাতে রান্না করা , কসা মুরগির মাংস, টমেটো দিয়ে মুগের ডাল, ইলিশ মাছের ভাজা, চিংড়ি দিয়ে কুমড়ো আর সজনে ডাটার তরকারি, ৫ ফুটনের সাথে চিনি দিয়ে চালতার চাটনি, শেষে থাকতো দই, মিষ্টি, পাপড় ।
বিশ্বাস করুন আজকের দিনে দামী Restaurant এ KFC, Pizza hut, Burger King, Chilli, Team Horton এর মত বড় বড় ব্রান্ড এ গিয়ে খাবারের গুণগত মান তথা
আনন্দের মুহূর্তকে হার মানিয়ে দেবে আমদের ফেলে আসা সেই সোনালী দিন গুলোতে আমাদের নিজেদের হাতের রান্না করা খাবার এবং সেই উল্লাসিত মুহূর্ত।