05/06/2022
সুপ্রিম কোর্ট : নির্বাচন প্রক্রিয়া --- কলেজিয়াম ব্যাবস্থা এবং National Judicial Appointment Commission Act, 2014-----
সংবিধানের ১২৪ নং ধারায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা এবং সংগঠন সম্পর্কিত নির্দেশ লিপিবদ্ধ আছে।বলা আছে,দেশে একটি সর্বোচ্চ বিচারালয় বা "সুপ্রিম কোর্ট" থাকবে,যা তৈরি হবে একজন প্রধান বিচারপতি এবং সর্বাধিক সাতজন সহায়ক বিচারপতি নিয়ে, যতক্ষণ না পার্লামেন্ট আইন প্রণয়ন করে বিচারপতিদের সংখ্যার তারতম্য ঘটাচ্ছে।সুতরাং, শুরুতে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা ছিল---১+৭ অর্থাৎ মোট ৮ জন।বর্তমানে এই সংখ্যা ---- ১+৩৩
সংবিধানে এও বলা আছে,সুপ্রিম কোর্টের এই বিচারপতিদের নিয়োগ করবেন--রাষ্ট্রপতি।তিনি চাইলে এরজন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনা করতে পারেন।
১৯৫০ সালে সংবিধান কার্যকরী হবার পর থেকে ১৯৭৩ সাল পর্যন্ত রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগের সময় আগেকার প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগের সময় তৎকালীন প্রধান বিচারপতির পরামর্শ নিতেন।এক্ষেত্রে কোনো প্রধান বিচারপতির মেয়াদ শেষ হলে তারপরের বিচারপতি "সিনিয়রিটি" অনুসারে ঠিক করা হত।কিন্তু ১৯৭৩'এর পর এই নিয়মের পরিবর্তন দেখা যায়। ফলে এই নিয়ে এক বিবাদের সূত্রপাত হয়,রাষ্ট্রপতির ক্ষমতা এবং বিচারবিভাগীয় ক্ষমতার মধ্যে।১৯৮২ সালে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়---বিচারপতি নিয়োগের সময় সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ বাধ্যতামূলক কিনা! তাতে কোর্ট জানিয়ে দেয়,রাষ্ট্রপতি,নতুন বিচারপতি নিয়োগের সময়, সুপ্রিম কোর্টের পুরানো বিচারপতিদের মতামত নেবেন কি নেবেন না,সেটা তাঁর নিজস্ব সিদ্ধান্ত---তিনি "বাধ্য নন" নিতে।এর প্রায় এক দশক পরের একটি মামলায়---Supreme Court Advocates-on Record Association (SCARA),সুপ্রিম কোর্ট তার আগের অবস্থান থেকে সরে আসে এবং জানায়, রাষ্ট্রপতি ইচ্ছেমত বিচারপতিদের নিয়োগ করতে পারেন না।এইভাবে একটি নির্বাচন উপদেষ্টামন্ডলী বা "Collegium System"-এর জন্ম হয়।এই কলেজিয়াম তৈরি হয় প্রধান বিচারপতি এবং চারজন সিনিয়র মোস্ট বিচারপতিদের নিয়ে।ঠিক হয়,এরা কেন্দ্রীয় সরকারের কাছে কিছু নাম সাজেস্ট করবে,সরকার সেই নামগুলোকে বিচার বিবেচনা করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে।কিন্তু এই ব্যাবস্থায় স্বাভাবিকভাবেই স্বজনপোষণ এবং দুর্নীতির সম্ভাবনা থেকে যায়।
এমত অবস্থায়,৯৯তম সংবিধান সংশোধনের দ্বারা আগেকার কলেজিয়াম সিস্টেমকে বাদ দিয়ে নতুন "National Judicial Appointment Commission Act, 2014" পাশ হয়।এর প্রতিনিধিরা ছিলেন-----
১.সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
২.সুপ্রিম কোর্টের ২ জন সিনিয়র মোস্ট জাজ।
৩.ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী।
৪.সিলেকশন কমিটির মনোনীত দুজন ব্যাক্তি।
--কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এই আইনকে বাতিল করে।কারণ এটা বিচারবিভাগের সার্বভৌমত্বকে খর্ব করছিল।
বর্তমানে তাই আবার আগেকার "কলেজিয়াম ব্যাবস্থা"ই পুর্নবহাল আছে।বিচারপতি নিয়োগে,রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে বাধ্য।