03/06/2023
কুরবানীর মাসাইল
প্র: কুরবানী বলতে কী বুঝ ?
উ: কুরবানীর দিনগুলোতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে বিশেষ জন্তু জবাই করা হয় এটাকে কুরবামী বলে। কুরবানীর দিনগুলো বলতে যুলহজ্জ মাসের ১০ তারিখের ফজর থেকে ১২ তারিখের মাগরিব পর্যন্ত সময়কে বুঝায়।
প্র: কুরবানী কার উপর ওয়াজিব বা কুরবানীর নিসাব কী ?
উ: কুরবানীর দিনগুলোর মধ্যে কোনো একদিন নারী-পুরুষ নির্বিশেষে যার কাছে নিতান্ত প্রয়োজনীয় খাদ্যবস্তু, কাপড়চোপড়, বাসনকোসন ইত্যাদি এবং ঋণ ছাড়া সাড়ে বাহান্ন তোলা রূপার সমমূল্যের সম্পদ থাকে তার উপর কুরবানী আদায় করা ওয়াজিব। এ পরিমাণ সম্পদ হলো কুরবানীর নিসাব।
প্র: কী কী জন্তু দ্বারা কুরবানী করা যায় ?
উ: ছাগল, দুম্বা, গরু, মহিষ এবং উট— এসব গৃহপালিত জন্তুর দ্বারা কুরবানী করতে হয়। এছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানী জাইয নয়।
প্র: একটি জন্তুতে কতজন শরিক হয়ে কুরবানী করতে পারবেন ?
উ: গরু, মহিষ ও উট- এ তিন প্রকার পশুর একেকটিতে একজন থেকে সাতজন পর্যন্ত শরিক হতে পারবেন। ছাগল এবং দুম্বা শুধু একজনের পক্ষ থেকে দিতে হয়।
প্র: কুরবানীর জন্তুর বয়স কী পরিমাণ হওয়া উচিত ?
উ: কুরবানী শুদ্ধ হওয়ার জন্য জন্তুর বয়স কমপক্ষে ছাগল, ভেড়া, দুম্বা পূর্ণ এক বছরের হতে হবে। গরু, মহিষ পূর্ণ দুই বছরের হতে হবে, উট পূর্ণ পাঁচ বছরের হতে হবে।