22/01/2026
যেতে নাহি দিব , তবু যেতে দিতে হয়....
আমাদের জীবন নদীর মতো। এক পাড় ভাঙে , অন্য পাড় গড়ে। ভাঙা- গড়ার মধ্যে দিয়ে চলতে চলতে অনিবার্য সরকারী নিয়মকে মেনে নিয়ে একদিন আমাদের কর্মক্ষেত্র থেকে বিদায় নিতে হয়। পড়ে থাকে স্মৃতিজড়ানো মধুর মুহূর্তরা। জীবনের খাতায় লেখা হয় দিনযাপনের ছোটো ছোটো কথকতা। কর্মক্ষেত্র স্কুল হলে তো কথাই নেই। ছাত্র ছাত্রীদের উজ্জ্বল উপস্থিতি, তাদের কৌতূহলী মন, অবাক দৃষ্টি আর নিষ্পাপ মুখগুলো অদ্ভুত মায়ায় আমাদের বেঁধে ফেলে। এদের কথা ভাবতে ভাবতে সময় যে কীভাবে ফুরিয়ে আসে, তা ভাবলেই অবাক লাগে। আজ একথাগুলো বড়ো বেশি করে ভাবাচ্ছে। কারণ আজ দীর্ঘ কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে অবসরে যাচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। দেবাশিস স্যার আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ। তিনি শুধু আমাদের সহকর্মী নন, তিনি দাদার মতো, কখনও বন্ধুর মতো আমাদের পাশে থেকেছেন, গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন এবং স্কুল পরিচালনার কাজে সহযোগিতা করেছেন। তাঁর সুদক্ষতা, নিরন্তর জ্ঞানচর্চা আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। ছাত্র ছাত্রীরাও তাঁর মতো আদর্শ শিক্ষকের সাহচর্যে, আদর্শে ও পরামর্শে সমৃদ্ধ হয়েছে। আপনি তাদের প্রত্যেক সাফল্যের পিছনে চালিকাশক্তি হয়ে ছিলেন। আমরা সবাই আপনার শূন্যতাকে অনুভব করবো।
আজকে এই দিনের উদযাপন বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া সম্ভব হয় না। আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য রইল অফুরান শ্রদ্ধা, ভালোবাসা ও নতুন আরেক অধ্যায়ে প্রবেশের জন্য অভিনন্দন। আপনার জীবন প্রাঙ্গণ নতুন নতুন ভাবনায় মুখরিত হয়ে উঠুক। আপনি সুস্থ থাকুন, আনন্দে থাকুুন।