19/11/2024
রাতের স্বপ্ন
সৌচিত্র নাগ
সারাদিনের পরিশ্রম একটু বেশি যদি আপনার হয় অথবা আগামী পরীক্ষার ভয় আপনাকে গ্রাস
করে তাহলে আপনিও অনুভব করতে পারেন পরীক্ষার হলে ফুটবল খেলার আতঙ্ক। ছাত্র জীবনে
পড়াশোনায় আপনাকে হতে হবে নিম্ন মানের আর অতি কষ্টে মাধ্যমিক দিয়ে কাজে গেছেন
আপনি। কাজ মানে সাধারণ কোনো কারখানায় বারো ঘণ্টার কাজ, তারই মাঝে নতুন চাকরির
পরীক্ষার প্রস্তুতি। রাতে খেয়ে একটু বই ঘেঁটে পরীক্ষার চিন্তা করতে করতে আপনাকে
ঘুমিয়ে পড়তে হবে, হঠাৎ ই মা ডাকবে, ওঠ রে বাবু পরীক্ষা দিতে যাবার সময় হয়ে
গেছে। আপনি তাড়াতাড়ি উঠে ঘড়িতে দেখবেন দশটা বেজে গেছে, আপনার পরীক্ষা শুরু
এগারোটা থেকে। তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিতে গিয়ে দেখবেন ব্যাগটা পাচ্ছেন না
অথবা হাতের সামনে দেখেও তুলতে পারছেন না। ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন আরোও আধাঘন্টা
কেটে গেছে, মা খাবার হাতে দাঁড়িয়ে আছেন। আপনি খাবার চিন্তা না করেই বাইরে যাবেন,
না না ছুটে যাবেন তখনই বুঝবেন আপনার গাড়িটি যেনো বদলে গেছে একটা গোরুতে যে আপনার
দিকেই তাকিয়ে আছে। নিরুপায় আপনি ছুটতে ছুটতে পৌঁছাবেন পরীক্ষার জায়গায়, দেখবেন
সেখানে কেউ লিখছে ,কেউ গল্প করছে আবার কেউ কি করছে আপনি বুঝতে পারবেন না। কোনো
প্রশ্ন নেই, কোনো পরীক্ষক নেই বাইরে বাচ্চাদের খেলাধুলা চলছে হইচই আপনাকে বিপাকে
ফেলে দেবে। আপনি হঠাৎই বেরিয়ে আসবেন সেখান থেকে, কেনো বের হলেন কোথায় যাবেন সেটা
আপনারও অজানা থাকবে, হাঁটতে হাঁটতে চলে যাবেন কোনো চেনা কিন্তু অচেনা এক জায়গায়।
সেখানেও অনেক মানুষের ভীড়, একজন বলবে কি দাদা আপনি এখানে কেনো, আপনার পরীক্ষা তো
অমুক জায়গায়। আপনি আবার পরীক্ষায় ব্যর্থ হবার আতঙ্কে ছুটবেন সেই বর্ণিত স্থানে।
চলতে চলতে কোথায় যাচ্ছেন বুঝতে পারবেন না শুধু দেখবেন সবুজ মাঠ ভাঙ্গা মন্দির আর
মাটির বাড়িগুলিতে দারিদ্রতার ছাপ । দেখবেন সকলের দৃষ্টি আপনারই দিকে , সকলেই যেনো
বলছেন , আপনি এখানে কেনো??? অবশেষে পৌঁছে দেখবেন পরীক্ষা কই , হচ্ছে তো খেলা আর
আপনি ওই খেলায় গোলকিপার শেষ পেনাল্টি রক্ষার ভার আপনারই উপর। তখনই আতঙ্কে
ঘামগ্রস্থ আপনি শয্যা ছেড়ে উঠে ঘড়িতে দেখবেন সাত টা বাজে আর আপনার পরীক্ষা আগামী
সপ্তাহে।