19/04/2024
পারিপার্শ্বিক ও সামাজিক চাহিদা, কথ্য ইংরাজীর প্রয়োজনীয়তা বা সরকারি নীতি...... যে কারণই হোক না কেন, বাংলা মাধ্যম স্কুলগুলো এখন অস্তিত্ব সংকটের মুখোমুখি । আমাদের স্কুল চুঁচুড়া শিবচন্দ্র সোম ট্রেনিং একাডেমিও তার ব্যতিক্রম নয় । শতাব্দী প্রাচীন এই বিদ্যালয়ে উচ্চশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা, পর্যাপ্ত শ্রেণীকক্ষ, বড়ো খেলার মাঠ, সর্বোপরি মনোরম পরিবেশ ....... ছাত্রদের সুষ্ঠু পঠনপাঠনের সম্পূর্ণ সহায়ক পরিবেশ বরাবরই রয়েছে।আর রয়েছে ছাত্র-শিক্ষক পারস্পরিক বন্ধন, যা অন্য যে কোনও স্কুলের থেকে সোম ট্রেনিংকে স্বতন্ত্রতা দিয়েছে। তাসত্ত্বেও চুঁচুড়ার কত মানুষ তো বলেই ফেলেন যে, তাঁরা জানেন এই বিদ্যালয়ের এখন কোন অস্তিত্ব নেই, উঠে গেছে স্কুল। অথচ এটা একেবারেই সঠিক তথ্য নয় । এই অপপ্রচার অবশ্যই বন্ধ হবে এই আশা রাখি। বেশকিছু ছাত্র নিয়ে বিদ্যালয় পুরোদমেই চলছে। আরও কিছু ছাত্র আসলে স্কুলের পঠনপাঠন আরও গতি পাবে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের হাত ধরে আগেও যেমন বহু কৃতি ছাত্র এই বিদ্যালয় থেকে বেরিয়েছে, নিশ্চিতভাবে বলা যায় আগামীতেও আগ্রহী ছাত্র ছাত্রীরা আরও ভালো ফল করে বেরোবে । শুধু এই বিদ্যালয়ের প্রতি যদি অভিভাবক / অভিভাবিকারা একটু আস্থা প্রকাশ করেন, তবেই এটা সম্ভব হবে। তাই, আসন্ন মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগেই অভিভাবক / অভিভাবিকাদের প্রতি আবেদন রইলো একাদশ ও দ্বাদশে ছেলে মেয়েকে এই বিদ্যালয়ে পাঠান । অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের তত্বাবধানে, বাড়ির মত পরিবেশে ছাত্র ছাত্রীরা ভালোভাবে পড়াশুনো করার সুযোগ পাবে। এই বিষয়ে প্রাক্তন ছাত্রদের আন্তরিক সহযোগিতা বিদ্যালয়কে আরও এগিয়ে যেতে সাহায্য করবে । আমাদের ছাত্ররা জানে যে, সোম ট্রেনিং-এ শুধু পড়াশুনো নয়, ছাত্র-ছাত্রীদের যে কোনও অসুবিধায়, যে কোনও সমস্যায় স্কুল সবসময় তাদের পাশে থাকে ও সর্বদা থাকবে।