06/11/2017
: আমার ভারত অমর ভারত :
*"নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে। *সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে।।
।।ঔঁ।।
আমি এই দেশে অনাহারে বা শীতে মরতে পারি; কিন্তু... আমি তোমাদের কাছে গরিব, অজ্ঞ, অত্যাচার-পীড়িতদের জন্য এই সহানুভূতি এই প্রাণপণ চেষ্টা - দায়স্বরূপ অর্পণ করছি।
যাও, এই মুহূর্তে সেই পার্থসারথির মন্দিরে - যিনি গোকুলের দীনদরিদ্র গোপদের সখা ছিলেন, যিনি গুহক চন্ডালকে আলিঙ্গন করতে সঙ্কুচিত হননি, যিনি তাঁর বুদ্ধ-অবতারে রাজপুরুষদের আমন্ত্রণ অগ্রাহ্য করে এক বেশ্যার নিমন্ত্রণ গ্রহণ করে তাকে উদ্ধার করেছিলেন;
যাও তাঁর কাছে গিয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করো ; তাঁর কাছে এক মহাবলি প্রদান করো। বলি - অর্থাৎ জীবন-বলি।
জীবন-বলি তাদের জন্য যাদের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকেন, যাদের তিনি সবচেয়ে বেশি ভালবাসেন ; সেই দীন দরিদ্র পতিত উৎপীড়িতদের জন্য জীবন-বলি।
তোমরা সারাজীবন এই ত্রিশ কোটি (বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় একশো কুড়ি কোটি) ভারতবাসীর উদ্ধারের জন্য ব্রত গ্রহণ করো, যারা দিন-দিন ডুবছে।...
আমরা ধনী বা বড়লোককে গ্রাহ্য করি না। আমরা হৃদয়শূন্য মস্তিষ্কসার ব্যক্তিদের ও তাদের নিস্তেজ সংবাদপত্রের প্রবন্ধগুলিও গ্রাহ্য করি না।
বিশ্বাস, বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। জয় প্রভু, জয় প্রভু। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। জয় প্রভু! অগ্রসর হও, প্রভু আমাদের নেতা।
পেছনে তাকিও না। কে পড়ল দেখতে যেও না। এগিয়ে যাও, সম্মুখে, সম্মুখে। এই-ভাবেই আমরা অগ্রসর হব - একজন পড়বে, আর একজন তার স্থান দখল করবে।
মূল রহস্য ত্যাগ ও সেবা
আমাদের পদ্ধতিটি খুব সহজেই বর্ণনা করা যায়। তা আর কিছুই নয় - জাতির জীবনাদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করা। বুদ্ধ ত্যাগ প্রচার করলেন, ভারতবর্ষ কান পেতে তা শুনল এবং ছয় শতাব্দীর মধ্যেই সে তার গৌরবের সর্বোচ্চ শিখরে আরোহণ করল।
এই হল গিয়ে রহস্য। ত্যাগ এবং সেবাই ভারতের জাতীয় আদর্শ - ঐ দুটি বিষয়ে তাকে উন্নত করো, তাহলে অবশিষ্ট যা কিছু আপনা-আপনিই হবে।
"ওঁ পরতত্ত্বে সদালীনো রামকৃষ্ণ সমাজ্ঞয়া।
যো ধর্মস্থাপনরতো বীরেশং তং নমাম্যহম্।।"