28/03/2026
"রবীন্দ্রনাথের গান আমার জীবনকে আমার সর্বতোমুখী চেতনাকে যেভাবে প্রসারিত করে, যেভাবে তাকে মানুষের ও পৃথিবীর সুন্দর ও মহৎ অভিজ্ঞতা ও অনুভবের সঙ্গে যুক্ত করে, এমন আর কোনো গ্রন্থ পারে না, সে দায়িত্বও নেয় না। মানুষের প্রেম যে এমন বিচিত্র, বর্ণাঢ্য, প্রতীক্ষা বেদনা শান্তি সংঘাতময়, এমন নিসর্গের হস্তক্ষেপে গভীর—তা এতদিন কে জানত। আমাদের চারপাশের নিসর্গ, তার ঋতু- আবর্তন,তার বৃক্ষলতা নদীপর্বত সমুদ্র আকাশ শস্যক্ষেত্র যে আমার জন্য এত অর্থ সৌন্দর্যস্বপ্ন নির্মাণ করছে তাই বা কে ভাবতে পেরেছিল। গীতবিতান-এর গানগুলি কত ভাবে আমাকে মানুষ আর বিশ্বজগতের সঙ্গে যোগ করে আমার বিশালতা উপলব্ধ করায়—‘মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে’ আমি যে ‘মানব একাকী ভ্রমি বিস্ময়ে’—রবীন্দ্রনাথ আর তাকে একাকী রাখেন না, সমস্ত কিছুর সঙ্গে এক অনড় বন্ধনে যুক্ত করে দেন।
এমনকি যোগ করেন মৃত্যুর সঙ্গেও ‘ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা, মরণ আমায় মরণ।' না আত্মার জীর্ণবসন পরিত্যাগ নয়। পূর্বজন্মের কোনো কপট ইতিহাস নয়, পরজন্মের কোনো প্রবঞ্চনাময় আশ্বাস নয়, এই জীবনই চূড়ান্ত, মৃত্যু এই জীবনেরই অনিবার্য অঙ্গ। যদি জীবনকে চাও, মৃত্যুকেও তোমাকে নিতে হবে, তাকে ভয় পেয়ে দূরে সরিয়ে রাখলে চলবে না। ‘ধন্য হল ধন্য হল মানবজীবন, নয়ন আমার রূপের পুরে সাধ মিটায়ে বেড়ায় ঘুরে শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন'—একথা বলার পরে মৃত্যুর প্রতীক্ষাতেও যেন আমরা বলতে পারি ‘জয়ধ্বনি শুনিয়ে যাব।' জীবনকে ভালোবাসলে মৃত্যুকেও ভালোবাসার পাঠ একই সঙ্গে নিতে হবে। কিন্তু জীবনকে ভালোবাসার অজস্র সূত্র ছড়িয়ে আছে গীতবিতান-এর গানে। মৃত্যুকে ফেরানো যাবে না কিছুতেই, কিন্তু তার আগে যেন বলতে পারি ‘আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ঘাসে ঘাসে', বলতে পারি ‘এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়' বলতে পারি—
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে । ছড়িয়ে আছে আনন্দেরি দান
কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি, জানার মাঝে অজানারে করেছি সন্ধান ৷ ৷
গীতবিতান আমাকে জীবনের সঙ্গে বেঁধে রাখে, প্রাণে ছুঁয়ে দেয় এক উদাস ভালোবাসা, আমার মৃত্যুভয় মুছে দেয় ৷
এই দেহ দান করা আছে চিকিৎসার জন্য, কিন্তু আমার মর্গ-অভিমুখী শববাহী শকটে গীতা-র বদলে যেন থাকে একটি গীতবিতান ।"
তিনি ভাষাবিদ, তিনি প্রাবন্ধিক। আবার তিনিই আগামীর কাণ্ডারী আগামীর কারিগর। তাঁর লেখনীতে, কথায়, শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে চলেছি। তিনি আমাদের সকলের পরম শ্রদ্ধেয় অধ্যাপক ডঃ পবিত্র সরকার। আজ সর্বজনশ্রদ্ধেয় এই মানুষটির ৯০তম জন্মদিনে অভিজ্ঞান পরিবারের পক্ষ থেকে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই। অভিজ্ঞান পরিবারের পক্ষ থেকে এই প্রার্থনা - আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের আশীর্বাদ করুন ।