17/08/2026
✅ পড়বে।
✅✅ চাকরি আর দায়িত্বের মধ্যে একটা ফারাক আছে, যেটা বেশিরভাগ প্রার্থী কখনো চোখেই দেখে না। তারা পুরো প্রস্তুতিটা কাটিয়ে দেয় একটা 'পাওয়ার' জিনিস ভেবে। যেন ডাব্লিউবিসিএস মানে একটা টিকিট, যেটা হাতে এলে জীবনের অনিশ্চয়তা শেষ। কিন্তু আসল ব্যাপারটা ঠিক উল্টো। ডাব্লিউবিসিএস কোনো কিছু পাওয়া নয়, বরং এটা কারো হাতে তুলে দেওয়া একটা দায়িত্ব। রাষ্ট্র তোমার হাতে ক্ষমতা তুলে দিচ্ছে, একটা এলাকার মানুষের জীবনের দায়িত্ব তুলে দিচ্ছে। আর যেকোনো ক্ষমতা হস্তান্তরের আগে, যে তুলে দিচ্ছে তার একটাই প্রশ্ন থাকে, এই লোকটার হাতে এটা নিরাপদ কি না।
এইখানেই বেশিরভাগ প্রার্থীর ভুলটা শুরু হয়। তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে চায় আমি পারি বলে। কিন্তু রাষ্ট্র জানতে চায়, তুমি কি সামলাতে পারবে ? এই দুটো সম্পূর্ণ আলাদা প্রশ্ন। পারা মানে দক্ষতা। সামলানো মানে দায়িত্ব। একজন বিডিও যখন জমি বিবাদে সিদ্ধান্ত নেন, তখন সেই সিদ্ধান্তের ভুলে একটা পরিবারের প্রজন্মের রুটিরুজি নষ্ট হতে পারে। একজন এসডিও যখন কোনো অর্ডারে সই করেন, সেই সইয়ের নিচে কারো স্বাধীনতা, কারো ব্যবসা, কারো ভবিষ্যৎ ঝুলে থাকে। এই জায়গাগুলোতে আমি মেধাবী এই সার্টিফিকেট কোনো কাজে আসে না। কাজে আসে একটা জিনিস, যেটাকে বলা যায় দায়িত্বের পূর্ব-অভ্যাস, আর সেই অভ্যাসের অনুশীলন।
আর এই অভ্যাসটা পরীক্ষার হলে তৈরি হয় না। এটা তৈরি হয় প্রস্তুতির প্রতিটা সাধারণ দিনে, যেখানে কেউ দেখছে না, কোনো ফল নেই তাৎক্ষণিক। রোজ সকাল সাতটায় ওঠার কথা ছিল, উঠলে কিনাটা একটা দায়িত্ব, নিজের কাছে নিজের। যে নিজের সাথে করা প্রতিশ্রুতি রাখতে পারে না, নিজের সময়, ঘুম, রুটিন এই তুচ্ছ জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারে না, সে কীভাবে একটা মহকুমার প্রশাসনিক শৃঙ্খলা সামলাবে? এই প্রশ্নটা কেউ ইন্টারভিউ বোর্ডে সরাসরি জিজ্ঞেস করে না, কিন্তু এই প্রশ্নের উত্তরই আসলে প্রার্থীর পুরো জীবনযাপনের মধ্যে লেখা থাকে।
চাকরি চাওয়া মানুষ প্রস্তুতিকে দেখে মুক্তি হিসেবে। এই কষ্টটা একদিন শেষ হবে, তারপর স্বস্তি। কিন্তু ডাব্লিউবিসিএস চাওয়া মানুষ জানে, পরীক্ষা পাশ করাটা কষ্টের শেষ নয়, একটা ভারী দায়িত্বের শুরু মাত্র। এই দুটো মানসিকতার প্রার্থীকে বাইরে থেকে একই রকম লাগে। একই বই পড়ছে, একই টেস্ট সিরিজ দিচ্ছে, একই মকে বসছে। কিন্তু ভেতরে তারা সম্পূর্ণ আলাদা মানুষ তৈরি করছে। একজন তৈরি করছে একটা উত্তরদাতা, যে প্রশ্নের উত্তর জানে। আরেকজন তৈরি করছে একটা সিদ্ধান্তদাতা, যে অনিশ্চয়তার মধ্যেও দায় নিতে পারে।
এই পার্থক্যটা সবচেয়ে স্পষ্ট বোঝা যায় ব্যর্থতার সময়। যে চাকরি চায়, রেজাল্ট খারাপ হলে ভাবে আমার কপাল খারাপ বা সিস্টেম খারাপ। যে ডাব্লিউবিসিএস চায়, সে ভাবে আমি কোন জায়গায় এখনও দায়িত্ব নিতে প্রস্তুত ছিলাম না। প্রথম মানসিকতা মানুষকে অভিযোগে পাঠায়। দ্বিতীয়টা মানুষকে আরেকটু পোক্ত কাঁধ বানায়। আর প্রশাসন, শেষ পর্যন্ত, ভারী কাঁধের মানুষ খোঁজে, মেধাবী মাথার মানুষ নয়। মেধা তো ন্যূনতম যোগ্যতা, তার বেশি কিছু না।
তাই যে সত্যিই ডাব্লিউবিসিএস চায়, তার প্রস্তুতির প্রশ্নটা বদলে যাওয়া উচিত। আমি সিলেবাস কতটা কভার করলাম থেকে আমি নিজের জীবনের কতগুলো ছোট দায়িত্ব নিখুঁতভাবে সামলাতে শিখলাম, এই প্রশ্নে। কারণ যেদিন চেয়ারটা হাতে আসবে, সিলেবাস আর কাজে লাগবে না, কিন্তু এই অভ্যাসটাই তোমাকে বাঁচাবে বা ডোবাবে। চাকরি একটা প্রাপ্তি। ডাব্লিউবিসিএস একটা পরীক্ষা, তুমি ক্ষমতা সামলানোর যোগ্য কি না, তার। আর এই পরীক্ষা রেজাল্টের দিন শুরু হয় না, শুরু হয় আজ, এই মুহূর্তে, তুমি নিজের সঙ্গে করা প্রতিশ্রুতিটা রাখছ কি না তার মধ্যে দিয়ে।
লেগে থাকো। জেদে থাকো। 🎯
© অরিন্দম দে