13/12/2025
*বদরপুর দেওরাইল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সপ্তাহ সফলভাবে সম্পন্ন**
বদরপুর, ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার):
বদরপুর দেওরাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সপ্তাহ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্রীড়া সপ্তাহ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এ বছরের ক্রীড়া অনুষ্ঠানে ক্রিকেট, ব্যাডমিন্টন, লং জাম্প, হাই জাম্প, টেবিল টেনিস, লুডো, দাবা, মিউজিক্যাল চেয়ার, স্পুন রেসসহ আরও নানা ধরনের খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ক্রীড়া নৈপুণ্য উপস্থিত সকলকে মুগ্ধ করে।
ক্রীড়া সপ্তাহের সমাপ্তি উপলক্ষে ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার) বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরপুর থানার ইন্সপেক্টর (ওসি) শ্রীযুক্ত তরংগ পাটোয়ারী মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বদরপুর হাস্পাতালের চিকিৎসক ড: সুয়েল আহমেদ, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজাক, সিআরসিসি হিফজুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বাদরপুর থানার ওসি শিক্ষার্থীদের জীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সুস্থ ও সবল জীবন গঠনে শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিয়মিত খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। তিনি আরও উল্লেখ করেন যে, খেলাধুলা অনেক শিক্ষার্থীর জীবনে ক্যারিয়ার গঠনের নতুন দ্বার উন্মোচন করতে পারে এবং আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে।
অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহাউদ্দিন আহমেদ। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্জয় সাহা এবং অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মো. কালাম উদ্দিন। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সন্তোষ প্রকাশ পায়।