04/05/2024
বার্বি
*
সেদিন বৃহস্পতিবার
এসেম্বলিতে আমার কাকু
হাত নাড়াতে যাবেন
কাকুকে একদিনই প্রশ্ন করেছিলাম
"তুমি কি পুতুল?"
সেদিন বাড়ি ফেরার সময়
কাকু আমার জন্যে একটা
পুতুল নিয়ে এসেছিলেন
আমি আমার উত্তর পাইনি
সবাই বলে,আমার বয়েস কম
দেখতে বিরাট হয়ে গেছি
মাঝরাতে কাকু কাকিমার ঝগড়া শুনলে
কষ্ট পাই
কিচ্ছু বলতে পারিনা
অথচ যারা অর্থাৎ বাবা, জ্যেঠা,কিংবা
অন্য হর্তা কর্তারা
এই ঝগড়া থামাতে পারবেন
তারা কোজাগরী করেন
ক্ষমতা কাড়াকাড়ির নাচ দেখতে দেখতে
শিরশিরিয়ে নিজেদের শিরা শক্ত করেন
আমি স্বপ্ন দেখি
কাকু পুতুল হয়ে যাচ্ছেন
পুতুল কাকু হয়ে যাচ্ছে
পুতুলকেও ঠিক একবারই আমি প্রশ্ন করছি
তুমি কি কাকু?
সেদিনও বৃহস্পতিবার
পুতুল নড়াচড়া করেনা
পুতুল কোত্থাও যায়না
শুধু পুতুলের পেছনদিকে একটা বোতামে
টিপ দিলে গান বেজে ওঠেঃ
"খেলিছ,বিশ্বলয়ে,বিরাট শিশু..."