26/01/2022
শিরোনাম - 'ভারত ও অন্য ভারত'
একটা ভারত ফুটপাতে শুয়ে ভিক্ষে করে খায়,
অন্য ভারত সুইস ব্যাংকে কালাে টাকা জমায়।
একটা ভারত নুন আনতে পান্তা ফুরিয়ে ফেলে,
অন্য ভারত রাত্রি জাগে স্যাটেলাইট চ্যানেলে।
একটা ভারত তাগা তাবিজ সতীদাহে পােড়ে,
অন্য ভারত মােবাইল ইন্টারনেটে ঘােরে।
একটা ভারত মাথা কুরছে মন্দিরে মসজিদে,
অন্য ভারত শুকিয়ে মরছে পেট জোড়া তার খিদে।
একটা ভারত ভাষণ দিচ্ছে ময়দানে রাজ্যসভায়,
অন্য ভারত পথ হারায় খানা খন্দ ডােবায়।
একটা ভারত খােলা বাজার বিশ্বায়নের ছন্দে,
অন্য ভারত ছাঁটাই লে-অফ কারখানা সব বন্ধ।
একটা ভারত গান্ধী সুভাষ ক্ষুদিরামের কষ্ট,
অন্য ভারত ডনমাফিয়া কাট মানিতে নষ্ট।
একটা ভারত দাঁত নড়লেই চিকিৎসা বিদেশে,
অন্য ভারত বন্যা খরায় যাচ্ছে দিব্যি টেসে।
একটা ভারত বােমা ফাটায় হেসে ওঠেন দাদা/দিদি/ভাইপাে,
অন্য ভারত ভেবেই পায়না কিসের জন্য যুদ্ধ।
একটা ভারত ভােটে দাঁড়ায় নােট কামাবার ফন্দি,
অন্য ভারত নিত্য নতুন ভাষণ ফাদে বন্দি।
একটা ভারত পাঁচটা দশক রক্ত চুষে খাচ্ছে,
অন্য ভারত ভেতর ভেতর এবার হয়তাে জাগছে।
একটা ভারত চেষ্টা চালায় গুলিয়ে দিতে অংক,
অন্য ভারত সেই সুযােগে হচ্ছে যে নিসংক।
একটা ভারত থাক বা না থাক কি যায় আসে তাতে,
অন্য ভারত জাগবে ভরে চেষ্টা চলছে রাতে।
অন্য ভারত জাগবে ভরে চেষ্টা চলছে রাতে,
চেষ্টা চলছে রাতে।
------ সমাপ্ত -----
কলমে - দেবাশীষ প্রামাণিক।
#লেখনী_চিরন্তন