19/05/2026
"" আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে প্রশ্নের উত্তর আপনি আমার কাছে খুঁজছিলেন। আমি ইচ্ছে করলে এর উত্তর এক কথায় বলতে পারতাম। কিন্তু আপনি শুধু শুনে তা উপলব্ধি করতে পারতেন না। এই জগতে আমাদের সবার জীবনই খুবই ছোট। সময় ক্রমশ ফুরিয়ে যায়। কেউ বলতে পারে না কার সময় কখন কোথায় থেমে যাবে।""......
গল্পটি চলছে অনেক বছর ধরে, অনেক আগের। বৌদ্ধদের ধর্মীয় প্রধান বুদ্ধ তখন রাজগৃহে। (Rajgir in Nalonda also known as rajgriho)।একদিন এক আগন্তুক এসে প্রণাম সেরে বুদ্ধকে প্রশ্ন করলেন, প্রভু, অনেক দিনের ইচ্ছে, আপনাকে একটি বিষয়ে জিজ্ঞাসা করতে চাই, যদি আপনার অনুমতি পাই। বুদ্ধ হেসে বললেন, আপনার যা জানার ইচ্ছে আছে তা বলুন।
আগন্তক বললেন, প্রভু, আপনি সব সময় নম্র ও শান্ত। কখনই ক্ষিপ্ত বা রাগান্বিত হন না। কেউ আপনাকে কটু বাক্য বললেও আপনি শান্ত থাকেন। কেউ আপনাকে অন্যায় ভাবে উত্তক্ত করলেও আপনি তাকে উদার ভাবে ক্ষমা করেন।এই নম্র, শান্ত স্বভাব কি ভাবে আপনি রপ্ত করেছেন প্রভু। যদি অনুগ্রহ করে আমাকে বলেন।
সবটা শুনে বুদ্ধ বললেন, আমি দেখতে পাচ্ছি আগামী সাত দিন পর আপনি মারা যাবেন। অতএব আপনার এই প্রশ্নের উত্তর জানার কোন প্রয়োজন নেই। বরং আপনি আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের সাথে সময় কাটান। বুদ্ধের মুখে এই কথা শুনে আগন্তুক স্তম্ভিত হয়ে গেলেন এবং বিষণ্ণ মনে বুদ্ধকে প্রণাম করে চলে গেলেন। পরের সাত দিন সে খুব নিচু স্বরে ও শান্তভাবে সবার সাথে কথা বললেন এবং নিজের নানা ভুলের কথা মনে করে সবার কাছে বারবার ক্ষমা চেয়ে নিলেন।
সাত দিনের দিন সেই আগন্তুক রাজগৃহে এসে বুদ্ধকে প্রণাম করে বললেন, প্রভু, আজ আমার জীবনের শেষ দিন। আপনার দর্শন আর আশীর্বাদ প্রার্থনা করছি। বুদ্ধ আগন্তুককের কথা শুনে হাসলেন আর বললেন, গত সাতদিন আপনি সবার সঙ্গে কেমন আচরণ করেছেন। আগন্তুক বললেন, ভীষণ শান্ত আর নম্রভাবে আমি সবার সঙ্গে আচরণ করেছি। প্রতি মুহূর্তেই আমি অনুভব করেছি, সময় বড় অল্প। রাগ, ক্রোধ, ক্ষোভ আর অভিমান করে আমার জীবনের এই অবশিষ্ঠ সময়টুকু অপচয় করতে চাই নি।তাই সবার সাথে নম্র আর সাধু আচরণ করেছি।
বুদ্ধ তৎক্ষনাৎ হেসে বললেন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে প্রশ্নের উত্তর আপনি আমার কাছে খুঁজছিলেন। আমি ইচ্ছে করলে এর উত্তর এক কথায় বলতে পারতাম। কিন্তু আপনি শুধু শুনে তা উপলব্ধি করতে পারতেন না। এই জগতে আমাদের সবার জীবনই খুবই ছোট। সময় ক্রমশ ফুরিয়ে যায়। কেউ বলতে পারে না কার সময় কখন কোথায় থেমে যাবে। তাই যতটুকু সময় বেঁচে আছি, ভালোবেসে শান্তিতে জীবন যাপন করতে চাই। আর হ্যাঁ আপনি মারা যাচ্ছেন না এখনই। ছলছল চোখে আগন্তুক বুদ্ধকে বললেন, ধন্য তুমি প্রভু। আমার অন্তর্দৃষ্টি খুলে দিলে তুমি।
( সংগ্রহ ও প্রকাশ ২০১৮)।