14/09/2026
ফিনল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও কঠোর হচ্ছে নিয়ম। স্পাউজ ও পরিবারের সদস্যদের রেসিডেন্স পারমিট পেতে অপেক্ষা করতে হবে অন্তত এক বছর। পাশাপাশি স্টুডেন্ট রেসিডেন্স পারমিটে যুক্ত হচ্ছে ভাষাগত দক্ষতার শর্ত। প্রস্তাবগুলো সংসদে পাঠিয়েছে দেশটির ক্ষমতাসীন ডানপন্থি জোট সরকার।
উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশ থেকে প্রতিবছর ১৩ থেকে ১৫ হাজার শিক্ষার্থী ফিনল্যান্ডে আসেন। এর মধ্যে প্রায় ৬২ শতাংশ বাংলাদেশ ও এশিয়া অঞ্চলের। দেশটির ডানপন্থি জোট সরকার ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসীকেন্দ্রিক বেশ কিছু আইনে কড়াকড়ি আরোপ করে। চালু করা হয় নাগরিকত্ব পরীক্ষার বিধান।
এবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনসঙ্গী ও সন্তানদের রেসিডেন্স পারমিটে আসতে যাচ্ছে নতুন বিধিনিষেধ। সরকারের প্রস্তাব অনুযায়ী, শিক্ষার্থীরা ফিনল্যান্ডে আসার অন্তত এক বছর পর তাদের পরিবারের সদস্যরা রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন।
বদলে যাচ্ছে শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার শর্তও। ফিনল্যান্ডে বসবাসের জন্য ব্যাংক স্টেটমেন্টে প্রয়োজনীয় অর্থের পরিমাণ আইন ও সরকারি ডিক্রির মাধ্যমে নির্ধারিত হবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সীমা তিন বছর পরপর পর্যালোচনা করা হবে।
সরকারের দাবি, রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর বিভ্রান্তিকর প্রচারণা ও অতিরিক্ত ফি'র কারণে অনেক শিক্ষার্থী ঋণ ও আর্থিক সংকটে পড়ছেন।
শিক্ষার্থীদের রেসিডেন্স পারমিটের জন্য যুক্ত হচ্ছে ভাষাগত দক্ষতার শর্তও। অনেকে ইউরোপের চাকরির বাজারে প্রবেশের পথ হিসেবে স্টুডেন্ট পারমিট ব্যবহার করছেন; এমন অভিযোগও উঠেছে।
ফিনল্যান্ড শিক্ষা ও পেশাগত উন্নয়ন বিশেষজ্ঞ ড. মজিবুর দফতরি বলেন, শিক্ষার্থীসহ অন্যান্যদের পারিবারিক পুনর্মিলন ও রেসিডেন্স পারমিট নবায়নের ক্ষেত্রে আয়সীমা বাড়ানো হয়েছে। পারমানেন্ট রেসিডেন্সের ক্ষেত্রে ফিনল্যান্ডে বসবাসের সময়সীমা চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে। এছাড়া ফিনিশ ল্যাংগুয়েজ রিকোয়ারমেন্ট যুক্ত করা হয়েছে এবং সিটিজেনশিপের ক্ষেত্রে বসবাসের শর্ত পাঁচ বছর থেকে বাড়িয়ে আট বছর করা হয়েছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, পরিবারের সদস্যদের জন্য নতুন নিয়ম কার্যকর হবে ২০২৭ সালের এপ্রিল থেকে। ভাষাগত দক্ষতাসহ অন্যান্য সংশোধিত নিয়ম কার্যকর হবে একই বছরের অক্টোবরে।