15/02/2024
দুয়া ইবাদতের মগজ এবং রামাদান হলো দুয়া কবুলের মাস! এই যে ৬ টা শব্দ—"দুয়া - ইবাদতের - মগজ, রামাদান - দুয়ার - মাস"— এ ৬ টা শব্দ কি আমরা নিজেদের অন্তরে গেঁথে নিতে পারি?
দুয়া আমাদের অনেক বড় অস্ত্র! অথচ দুয়া করতে করতে আমরা দায়সারা হয়ে যাই, অধৈর্য হয়ে যাই। দুয়া করার শব্দ খুঁজে পাই না। শয়তান এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি হতাশ করতে চায় এই দোয়া নিয়ে।
ভুলটা করি যখন দোয়া কবুল হওয়ার বিষয়টা আমরা খুব একপেশে ভাবে দেখি। যেটা চাইছি, সেটা দুই হাতে পেয়ে যাওয়াই দোয়া কবুল হওয়ার একমাত্র রূপ নয়! বরং চাইতেই থাকি, হতে পারে আল্লাহ সেটা দুনিয়াতে আমাকে দিবেন না কারণ এতে আমার কল্যাণ নেই তবে, সেটার বিনিময়ে আল্লাহ আখিরাতে আরও ভালো কিছু দিবেন। অথবা সেটার বিপরীতে কোন বিপদ সরিয়ে দিবেন—এগুলো সবই দুয়া কবুলের বিভিন্ন রূপ!
আমার যদি হারাম উপার্জন না থাকে, দুয়া করার জন্য আল্লাহ দুই হাতে তুলিয়েছেন মানেই এই দুয়া কবুল!! আল্লাহর দরবারে পৌছে গেছে আমার আকুতি, আল্লাহ শুনে নিয়েছেন আমার আবদার। এবং তিন ভাবের কোন না কোন একভাবে তিনি এটা কবুল করেই নিবেন, বি'ইজনিল্লাহ। আমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেলেও আল্লাহ আমাকে দিতে দিতে ক্লান্ত হবেন না! তাই এই রামাদানকে সামনে রেখে নিজের দুয়া গুলোকে শক্তিশালী করছি তো?
🔸রসূল ﷺ বলেন, "রামাদানের প্রতি দিন এবং রাতে জাহান্নাম থেকে আল্লাহর কাছে বহু বান্দা মুক্তি প্রাপ্ত হয়ে থাকে। তাদের প্রত্যেক বান্দার দুয়া কবুল হয়ে থাকে, যা সে রমাদান মাসে করে থাকে।" (ইমাম আহমদ কর্তৃক বর্ণিত হাদিস নাম্বার ৭৪৫০)
🔸রসূল ﷺ আরো বলেন, ৩ ব্যক্তির দুয়া ফিরিয়ে দেওয়া হয় না : ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৭৫২)
🔸 কুরআনে রামাদান সম্পর্কে আয়াত পড়তে গেলে সূরা বাকারাহর ১৮৫, ১৮৬ এবং ১৮৭ আয়াত পড়তেই হয়। এখানে চমৎকার বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামীন দুইটি রমাদানের আয়াতের মাঝখানে ১৮৬ নাম্বার আয়াতটি সম্পূর্ণই দুয়া সংক্রান্ত রেখেছেন। সুবহানআল্লাহ যেন দুই রামাদানের আয়াতের মাঝে স্যান্ডউইচ হয়ে আছে দুয়ার আয়াত, আমাদেরকে উদ্বুদ্ধ করতে যেন আমরা দুয়ার প্রস্তুতি নিতে থাকি, রামাদানে আল্লাহর কাছে অন্তর খুলে ... মন খুলে দুয়া করতেই থাকি ....
আপনার কি কি প্রয়োজন আল্লাহর কাছে? একটার পর একটা পেশ করুন, আল্লাহকে মন খুলে বলুন "ইয়া রব! আমার মনে শান্তি লাগবে, আপনি আমাকে শান্তি দিন। আল্লাহ আমার আপনার ঘর দেখার অনেক ইচ্ছা, আমাকে মক্কা এবং মদিনাতে নিয়ে যান ... আল্লাহ আমার একটা নেক সন্তানের অনেক ইচ্ছা আপনি যদি বলেন "কুন ফায়াকুন" তাহলেই তো সব হয়ে যায় ...." এভাবে বলতেই থাকুন ... দুয়া করতেই থাকুন ... চাইতেই থাকুন ... একদম থামবেন না।
🔸 আমাদের রামাদানের প্রস্তুতির জন্য অন্যতম করণীয় অ্যাকশন প্ল্যান হচ্ছে দুয়ার একটা লিস্ট বানিয়ে ফেলা। আমি আপনাদের সাথে একটা স্যাম্পল দুয়ার লিস্ট শেয়ার করছি, এটা দেখে আপনারা নিজস্ব দুয়ার লিস্ট বানিয়ে নিতে পারেন:
📍 Sample দুয়ার লিস্ট
https://docs.google.com/document/d/1cCredlbIutTRQgUGBfWq-0kQ-eydN332aDQwCBfJqfI/edit?usp=sharing
🔸 তাহলে এবার আপনার শা'বান মাসের কার্যক্রমগুলোর সাথে এড করে নিন যে, আপনি আগামী ৩ দিনের মধ্যে নিজের জন্য একটা দুয়ার লিস্ট তৈরি করে ফেলবেন। এবং শা'বান মাস জুড়ে সেই দুয়ার লিস্টটা দেখে দেখে দৈনিক ১ বার হলেও দুয়া করার প্র্যাকটিস করবেন।
তাহলে আমাদের স্যাম্পল শা'বান মাসের কর্ম তালিকা এরকম হতে থাকবে —
🌻 এই শাবান মাসে আমি—
১। আমার নামাজের ব্যাপারে আরো মনোযোগী হব।
২। শাবান মাসে প্রতিদিন ৩০ মিনিট করে কুরআন তিলাওয়াতের অভ্যাস করব।
৩। এই শাবান মাসে আমি আগের ভাংতি রোজা গুলো রেখে শেষ করে ফেলব।
৪। রামাদানের আগের এই ১ মাস জুড়ে আমি নিয়মিত ইস্তিগফারের অভ্যাস করব এবং অন্তর থেকে কানেক্ট করে আল্লাহর কাছে দৈনিক কমপক্ষে ১০০ বার করে ক্ষমা চাইবো।
৫। আগামী ৩ দিনের মধ্যে নিজের জন্য দুয়ার লিস্ট তৈরি করে ফেলব এবং সন্ধ্যার আগে আগে দুয়ার লিস্ট দেখে দোয়া গুলো করার প্র্যাকটিস শুরু করব (যেন রামাদানের সময় ইফতারের আগে দৈনিক দোয়া করার আমল টা ছুটে না যায়)
📍 এবং আপনার খাতায় দুয়ার অংশটা যুক্ত করে লিখে কমেন্ট বক্সে "Done Alhamdulillah" লিখে জানিয়ে দিন।
("রামাদান রেডি" সিরিজ লেখায় আপনাকে স্বাগতম! প্রতি পর্বে থাকবে একটা করে রামাদান রিমাইন্ডার এবং একটা করে রামাদান অ্যাকশন প্ল্যান! আপনি যদি পুরো মাস জুড়ে এই আমলগুলো প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ ২০২৪ এর রমাদানের আগে পরিপূর্ণ প্রস্তুত হয়ে যাবেন বলে আশা করি।)
# রামাদান_রেডি (পর্ব ৩)
©️ শারিন
# রাইটিং_থেরাপি