03/30/2026
প্রবাসের বুকশেলফ ~ ৯ম বই
সবচেয়ে বিপজ্জনক ভুলটি অনেক সময় ভুল সিদ্ধান্ত নয়। বরং অতিরিক্ত বুদ্ধিদীপ্ত সবচেয়ে বিপজ্জনক ভুলটি অনেক সময় ভুল সিদ্ধান্ত নয়। বরং অতিরিক্ত বুদ্ধিদীপ্ত ে চাওয়া।
ইংল্যান্ডে মাস্টার্স করার সময়, লাইব্রেরির কোণ থেকে হাতে আসে এই অসামান্য বইটি। মাত্র চল্লিশ পৃষ্ঠা। কিন্তু অসাধারণ সব মণি-মাণিক্যে ভরপুর।
রবার্ট আর. আপডিগ্রাফের Obvious Adams একটি বিরল বই। প্রথমে ছোট, সরল, প্রায় পুরোনো ঢঙে লেখা বলে মনে হয়। তারপর ধীরে ধীরে বুঝিয়ে দেয়, সাফল্যের মূলে অনেক সময় প্রতিভার ঝলক নয়, বরং অনাড়ম্বর স্বচ্ছতা কাজ করে। ১৯১৬ সালে Saturday Evening Post-এ গল্প হিসেবে প্রকাশিত এই বই পরে ব্যবসাজগতের এক ধরনের ক্লাসিক হয়ে ওঠে।
বইটির আসল শক্তি তার বক্তব্যে যত না, তার ভঙ্গিতে তত বেশি। আপডিগ্রাফ কোনও শুকনো ব্যবসায়িক উপদেশ দেন না। তিনি এক সাধারণ চেহারার এক মানুষকে সামনে আনেন। বাইরের লোকেরা তাকে বিশেষ কিছু মনে করে না। অথচ ভিতরের লোকেরা জানে, এই মানুষটিই বারবার সমস্যার কেন্দ্রে গিয়ে সহজ, সরাসরি, ফলদায়ক পথটি খুঁজে বের করেন। এই যে “অবভিয়াস” - এখানে তার মানে মোটেই তুচ্ছ নয়। বরং এতটাই স্বাভাবিক যে, সচরাচর ওপর-চালাক মানুষের চোখে তা প্রায়ই ধরা পড়ে না।
বইয়ের কয়েকটি ব্যবসায়িক পর্ব বিশেষভাবে মনে থাকে। এক জায়গায় অ্যাডামস দেখায়, ভালো বিজ্ঞাপন মানেই সব নয়। কখনও কখনও আসল প্রশ্ন হচ্ছে - মানুষকে কেনার দিকে কীভাবে নিয়ে যাওয়া যাবে। আরেক জায়গায় তার শক্তি ধরা পড়ে এই কারণে যে, সে “essential points” আলাদা করতে পারে এবং জটিলতার বদলে স্পষ্টতা বেছে নেয়। সেই জন্যই বইটি আজও শুধু বিজ্ঞাপনপাঠ নয়। এটি চিন্তার শৃঙ্খলা, বাজারবোধ, সরলীকরণ, এবং বাস্তব জিনিসকে বাস্তব ভাষায় বলার পাঠ।
আমাদের সময়ের সবচেয়ে বড় রোগ সম্ভবত এই - আমরা কৌশল খুঁজি, শর্টকাট খুঁজি, “স্মার্ট” দেখাতে চাই। কিন্তু সমস্যার সামনে দাঁড়িয়ে সবচেয়ে স্বাভাবিক প্রশ্নটি করতে ভুলে যাই। Obvious Adams সেই ভুল ধরিয়ে দেয়। বইটি বলে, সহজ উত্তর মানেই হালকা উত্তর নয়। অনেক ক্ষেত্রে সহজ উত্তরই সবচেয়ে কঠিন, কারণ সেটি অহংকারকে খুশি করে না।
তাই এই বই শেষ করে যে প্রশ্নটি থেকে যায়, তা ব্যবসারও, জীবনেরও -
আমরা কি সত্যিই সমস্যার সমাধান চাই, না কি সমস্যার চারপাশে নিজেদের বুদ্ধির আতশবাজি দেখতে ভালোবাসি?
#বইপাঠ #বইরিভিউ #ব্যবসাবোধ #বিপণনচিন্তা #পড়তে_হবে