09/08/2024
আজ আমাকে ধরছিল, রাস্তায়। বাইক থামায় দুইজন ছাত্রী। সোজা চোখের দিকে তাকিয়ে বলে, লাইসেন্স প্লিজ। আমি হেলমেটের ভেতর দিয়ে ওদের দিকে তাকালাম, হেসে দিলাম, বিনিময়ে তরুণীরা হাসলো না, আমার দিকে তাকিয়ে হাত পাতলো। আমি হাসি বুজিয়ে ব্যাগ থেকে ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির লাইসেন্স দেখালাম। গভীর মনযোগ দিয়ে একজন পড়ছে, অন্যজন আরেকটা বাইক থামাল, আর একটা বাইক চলে গেলো। সাথে সাথে লাইসেন্স পড়া তরুণী শিক্ষার্থী পাশের জনকে ধমকের সুরে বলল, তাদের ছাড়লে কেনো, ওদেরতো হেলমেট নাই? যাদের হেলমেট নাই, তাদের বলতে হবে।
আমি অপেক্ষা করছি, লাইসেন্সের পিনি পিনি লেখা পড়া শেষ হওয়ার জন্য। একটু পর লাইসেন্স দুটো এগিয়ে দিয়ে হাসি মুখে বলল, থ্যাংক ইউ।
আমিও না হেসে স্বাভাবিক ভাবে লাইসেন্স নিয়ে চলে এলাম, আর মনে মনে খুব খুশি হলাম এই ভেবে, দায়িত্বটা নিতে জানে, মানুষ ডিল করতে জানে, পেশাদারীত্ব দেখাতে জানে। চোখ ভিজে ওঠার আগে রাস্তার দিকে সর্তকতার সাথে চালাতে থাকলা,একটু পর পর রাস্তার সবটা জুড়ে ওঁরা বিছিয়ে আছে স্বর্ণমূদ্রা মতোন।
ছবি:গুগল থেকে নেওয়া
( মোস্তফা মনন )