10/10/2023
আপনারা যারা নিজ চোখে জমিদার দেখেননি, তাদের জন্য সুখবর।
ক্লিন সিটি খ্যাত রাজশাহীতেই প্রতিদিন দেখা মিলছে, শত শত জমিদার। ঘর ছেড়ে দুই পা বেরোলেই দেখতে পাবেন সারি সারি জমিদারের লাইন। আপনি ভাবছেন আমি অটোরিকশাওয়ালাদের কথা বলছি? নাহ, ওরা অটোরিকশাওয়ালা নয়, ওরা (বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব) সিরাজ ভাই এর হারিয়ে যাওয়া বংশধ্বর।
তাইতো, সকালে সূর্য উঠে সন্ধ্যায় অস্ত যায়, চাঁদেও ক্ষয়ে ক্ষয়ে কৃষ্ণপক্ষ আসে, কিন্তু নব্য জমিদারদের তেজ কমে না। সকাল হলে সকাল বলে, দুপুর হলে রোদে, সন্ধ্যা হলে অন্ধকারে, গরমকালে গরমে, শীতকালে শীতে, বর্ষাকালে বৃষ্টিতে তাদের তেজ (ওরফে ভাড়া) কেবল বাড়তেই থাকে।
জমিদারেরা কেবলমাত্র নিজের ইচ্ছের মালিক। কোথাও যাবে কিনা সেটাও তাদের মেজাজ মর্জির উপরে নির্ভর, কত ভাড়া চাইবে সেটাও তাদের মেজাজ মর্জির নির্ভর, এমনকি তারা আপনার সাথে কথা বলবে কিনা সেটাও তাদের নিজেস্ব খেয়াল। প্রয়োজনে বসে বসে সজনে গাছের পাতা গুনবে তবুও তারা আপনাকে গুণবে না!
শুধু তাই না, তাদের সাথে কথা বলার সময়, আপনার মনে হবে আপনি কলার খোসার উপর দিয়ে হাঁটছেন। একটু এদিক সেদিক হলেই আপনাকে পশ্চাৎদেশ দেখিয়ে চলে যাবে, আটকাতে পারবেন না!
সবমিলিয়ে, (বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব) সিরাজ ভাই এর হারিয়ে যাওয়া বংশধ্বরদের জন্য, ঘর থেকে বেরিয়ে গন্তব্যে পৌছানো কঠিন হয়ে পরেছে রাজশাহীবাসীদের জন্য। এদের হাত থেকে রক্ষা পেতে প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা এখন সময়ের দাবী। নয়তো এই শহরের মানুষ থাকবে না, থাকবে শুধু জমিদারেরা!
লিখেছেন, আদনান শাহরিয়ার।