11/09/2015
গত ৬ বছর পূর্বেও শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ফরম সংগ্রহ এবং জমা দেয়ায় বিভিন্ন ঝক্কি পোহাতে হত। সেটা ছিল চরম বিরক্তিকর, ঝামেলার আর ব্যয়সাপেক্ষ ব্যাপার। তবে এখন সে ধরনের কোন ঝক্কি-ঝামেলার বিষয় নেই। ডিজিটাল পদ্ধতিতে খুব সহজেই ঘরে বসে ভর্তি আবেদন করা যায়।
তারপরেও না বুঝার কারণে অনেকেই ঝামেলা মনে করে ৫০-১০০ টাকা বেশি দিয়ে এডমিশন কেয়ারের বিভিন্ন দোকান থেকে এসএমএস করে থাকেন। কিন্তু নিজেই যদি কাজটি খুব সহজে করতে পারেন তাহলে কেন অন্যের কাছে যাবেন টাকা নষ্ট করতে।
দেশে বর্তমানে ২৪টি বিশ্ববিদ্যালয়ে টেলিটক সিমের মাধ্যমে এসএমএস পদ্ধতিতে ভর্তি ফরম পূরণ করতে হয়। সবগুলোর ক্ষেত্রে একই নিয়মে এই এসএমএস করা যায়। তাহলে আসুন জেনে নিই খুব সহজে কিভাবে এসএমএস পাঠানো যায়।
এসএমএস পদ্ধতি:
প্রথম ধাপ– এই ধাপে একটা টেলিটক সিম যুক্ত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে-
বিশ্ববিদ্যালয়ের নামের কোড এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর এইচএসসি রোল নম্বর এইচএসসি পাশের সন এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর এসএসসি রোল নম্বর এসএসসি পাশের সন বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটের ফরম তুলবেন তার কীওয়ার্ড। এবার পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
ধরুণ আপনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করবেন, ঢাকা বোর্ড থেকে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় আপনার রোল ১২৩৪৫৬ এবং ২০১২ সালের এসএসসি পরীক্ষায় আপনার রোল ছিল ৭৮৯০১২ তাহলে আপনাকে এসএমএস এ লিখতে হবে – JU DHA 123456 2014 DHA 789012 2012 C (শেষের C হল আপনি C ইউনিটের ফরম তুলতে চাচ্ছেন)।
কোটার ক্ষেত্রে এই এসএমএস এর শেষে স্পেস দিয়ে কোটার কীওয়ার্ড দিতে হবে।
যেমন মুক্তিযোদ্ধা কোটা যদি FFQ উল্লেখ থাকে তাহলে লিখতে হবে- JU DHA 123456 2014 DHA 789012 2012 C FFQ
দ্বিতীয় ধাপ– এসএমএস পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি এবং একটি পিন কোড জানানো হবে।
আবেদন করতে সম্মতি জানানোর জন্যে আপনাকে আবার লিখতে হবে- বিশ্ববিদ্যালয়ের নামের কোড YES প্রাপ্য পিন কোড যে মোবাইল নম্বরে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে তার নম্বর।
এক্ষেত্রে আপনার যে নম্বরটি সবসময় ব্যাবহার করেন সেই নম্বরটিই দিবেন। এসএমএসের জন্যে ব্যবহৃত নম্বর না দিলেও চলবে।
আপনার মোবাইলে পর্যাপ্ত টাকা থাকলে টাকা কেটে নিয়ে সঙ্গে সঙ্গেই আপনাকে একটি রোল নম্বর প্রদান করা হবে। আপনার কাজ শেষ। এখন শুধু বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুসারে ভর্তি পরীক্ষার সময় আপনাকে সঙ্গে করে পাসপোর্ট সাইজের ছবি এবং কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোড:
এসএমএস এর মাধ্যমে যেসকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাচ্ছে সেগুলোর কোড- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU), রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU), খুলনা বিশ্ববিদ্যালয় (KU),ইসলামী বিশ্ববিদ্যালয় (IU), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (COU), জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (KNU), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (BRUR), বরিশাল বিশ্ববিদ্যালয় (BU), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট (SUST), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল (MBSTU), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর (HSTU), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NSTU), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET), বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BSMRSTU), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (SYLAU), চট্টগ্রাম ভেটেরিনারি এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (BSMRAU)
বোর্ডের নামের কোড:
ঢাকা বোর্ড (DHA), চট্টগ্রাম বোর্ড (CHI), রাজশাহী বোর্ড (RAJ), কুমিল্লা বোর্ড (COM), দিনাজপুর বোর্ড (DIN), যশোর বোর্ড (JES), সিলেট বোর্ড (SYL), বরিশাল বোর্ড (BOR), মাদ্রাসা বোর্ড (MAD), ও এবং এ লেভেলের জন্যে (GCE) এবং অন্যান্যদের জন্যে (OTH)।
কোটার কোডগুলো বিশ্ববিদ্যালয়ের নোটিশ থেকে জেনে নিতে হবে। এক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আলাদা কোড দিতে পারে।