09/10/2022
আমাদের ঈদ বছরে দুটোই : ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তৃতীয় কোনো পারিভাষিক ঈদের প্রয়োজন আমাদের নেই। নবিজি ﷺ-এর মিলাদে (জন্মে) নিঃসন্দেহে আমরা মহাখুশি। তবে আমাদের এই খুশির বহিঃপ্রকাশ খুলাফায়ে রাশেদিন, উম্মাহাতুল মুমিনিন, আহলে বাইত ও সাহাবিগণ রা.-এর আদর্শানুসারেই হয়। নবোদ্ভাবিত কোনো মানহাজ বা তরিকার ন্যূনতম প্রয়োজন আমাদের নেই। খ্রিষ্টানদের পদ্ধতি দেখে আমাদের ইসলামকে তাদের সাজে সজ্জিত করতে হবে না। আমাদের জন্য আমাদের তরিকা ও মানহাজই যথেষ্ট
আমরা নবি ﷺ-এর মিলাদকে স্মরণ করি, সিরাতকে অনুসরণ করি। বিশেষ দিবসের সঙ্গে আমরা নবিজি ﷺ-এর স্মরণকে সীমাবদ্ধ করি না। দ্বীন পালনের জন্য নিজেদের পক্ষ থেকে বিশেষ কোনো দিন বা পদ্ধতি নির্দিষ্ট করি না। নিজেরা কোনো দিবস উদ্ভাবন করে রাসুলুল্লাহ ﷺ কর্তৃক প্রদত্ত দুই ঈদকে খাটো করে নিজেদেরটাকে বড় ঈদ ও সকল ঈদের সেরা ঈদ বলে চালিয়ে দিই না।
ফিদাকা নাফসি ও রুহি ও আবি ও উম্মি ইয়া রাসুলাল্লাহ!