21/05/2026
লিডিং ইউনিভার্সিটিতে পরিবহন ব্যবস্থাপনা, যোগাযোগ ও দক্ষ ড্রাইভিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে উন্নত পরিবহন ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ
...উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির আয়োজনে পরিবহন ব্যবস্থাপনা, যোগাযোগ ও দক্ষ ড্রাইভিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১ এ অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা
নিশ্চিত করতে লিডিং ইউনিভার্সিটি বদ্ধপরিকর উল্লেখ করে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, লিডিং ইউনিভার্সিটি সবসময়ই শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বিবেচনা করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রশিক্ষণ যেকোনো কাজের দক্ষতা বাড়ায় উল্লেখ করে তিনি আরো বলেন, তরুণ শিক্ষার্থীদের সেবা প্রদান একটু কঠিন, তারপরও কিভাবে বুঝিয়ে অভিজ্ঞতার আলোকে তাদেরকে উন্নত পরিবহন সেবা প্রদান করা যায় সে বিষয়ে সবাইকে সচেষ্ট হতে হবে। তিনি আরো বলেন, এধরনের প্রশিক্ষণ চলমান থাকবে, এবং ড্রাইভারদের সুযোগ সুবিধার বিষয়েও কর্তৃপক্ষ সুদৃষ্টি দিবেন বলেও তিনি আশ্বাস প্রদান করেন।
কর্মশালার সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট এবং এস্টেট এর ইনচার্জ, ও ট্রাস্টি বোর্ডের সচিব, ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান বলেন, লিডিং ইউনিভার্সিটির শিক্ষাকার্যক্রমে পরিবহনের বিকল্প নেই। তাই পরিবহন ব্যবস্থাপণা এবং ড্রাইভারদের ভূমিকা এ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি সবার নিরাপত্তা, আশেপাশের গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করা এবং সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য প্রত্যেক ড্রাইভারকে পরামর্শ দেন।
কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ও কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের সাথে ভালো আচরণ, অশালীন কথাবার্তা পরিহার, মোবাইল ব্যবহার, ক্লান্ত বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানো, ইমার্জেনসি ব্যবস্থা রাখাসহ ভালোভাবে ড্রাইভিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা ২০১৪ সাল থেকে লিডিং ইউনিভার্সিটির পরিবহন ব্যবস্থা চলমান উল্লেখ করে বলেন, সুষ্ঠুভাবে শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে পরিবহন ব্যবস্থা এবং বাস চালকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ড্রাইভারদেরকে প্রতিটি বাসের সমস্যা একটি রেজিস্ট্রার বইয়ে লিপিবদ্ধ রাখার পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের সাথে রাগান্বিত হয়ে কিছু না করা। শিক্ষার্থীরা কোন খারাপ আচরণ করলে তা লিখিতভাবে এবং কোন কিছু না লুকিয়ে সৎসাহস রেখে কর্তৃপক্ষে জানানোর পরামর্শও প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে লিডিং ইউনিভার্সিটি ব্যতিক্রম, কারণ এ বিশ্ববিদ্যালয় ট্রান্সপোর্ট অরিয়েন্টেড। তিনি গাড়ি চালানোর সময় ড্রাইভারদেরকে মডারেট গতির প্রতি লক্ষ্য রাখা, যেখানে সেখানে গাড়ি না থামানো, সবার মধ্যে পরিবহনের নিয়মাবলী এবং আচরণবিধি লিখিতভাবে থাকার ব্যবস্থা করা, দূর্ঘটনায় কমাতে সচেতনতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেন। তিনি লিডিং ইউনিভার্সিটির পরিবহন চালকদের জন্য নির্দিষ্ট পোষাকের ব্যবস্থা করার কথাও বলেন।
পরিবহন ব্যবস্থা যেকোন স্থানের জন্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা খুবই জরুরি উল্লেখ করে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ।
লিডিং ইউনিভার্সিটির পরিবহন দপ্তরের সুপারভাইজার (অতিরিক্ত) মো. লোকমান আলীর সঞ্চালনায় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মকর্তা ও ড্রাইভারবৃন্দ উপস্থিত ছিলেন।