19/12/2025
যে কখনো কোন ইংরেজি বই পড়ে নি তার জন্য ছবির এই বইটি সবথেকে উপযুক্ত একটা বই। আমি নিজেও জীবনে প্রথম এই বইটি-ই পড়েছিলাম। বর্তমান প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী বিসিএস পরীক্ষায় ভালো করতে এই ধরণের non fiction বই পড়া খুবই ফলপ্রসূ। একদিকে তাতে যেমন ইংরেজিতে দক্ষতা বাড়বে, অপরদিকে একদম ইউনিক একটা জ্ঞানের ভিত তৈরি হবে যা আপনাকে লিখিত পরীক্ষায় বাকিদের থেকে অনেকটাই এগিয়ে থাকতে সাহায্য করবে।
শুরুতে আমি আমার জার্নি টা একটু বলি। আমি তখন অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলাম। নীলক্ষেত থেকে আসার পথে এই বইটার কাভার দেখে ভালো লাগায় আর দাম নাগালের মধ্যে থাকায় কিনে ফেলি। তখনও আমার মধ্যে এই আত্মবিশ্বাস ছিল না যে আমি একটা ইংরেজি বই পুরোটা পড়ে শেষ করতে পারব। ভেবেছি দেখতে সুন্দর আছে, সাজিয়ে রাখা যাবে। বইটা বাসায় আনার পরে ওভাবেই ছিল কয়েকমাস সাজানো। হঠাৎ একদিন কী একটা মনে করে পড়া শুরু করি, এবং দুই পৃষ্ঠা পড়েই পুরো অভিভূত হয়ে যাই। বুঝতে পারি বাংলাদেশের তথাকথিত বই আর আন্তর্জাতিক মানের একটা বই এর মধ্যে আসলে পার্থক্য কোথায়! সময় লাগলেও বইটা আমি পুরোটাই পড়ি। শুরুতে পড়তে কষ্ট হচ্ছিল, আমার এমন ইংরেজি বই পড়ার অভ্যাস ছিল না। স্পিড ও অনেক স্লো ছিল। কিন্তু ধীরে ধীরে স্পিড চলে আসে আর আমার ইংরেজিতে দক্ষতা রাতারাতি বৃদ্ধি পেতে থাকে। আমি বলবো আমার ইংরেজিতে দক্ষতা অর্জনের সবথেকে বড় ভূমিকা পালন করেছে এই বইটা। কারণ এটা শেষ করার পরে আমাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয় নি।
বইটা কী নিয়ে লেখা সেটা নাহয় একটা রহস্য ই থাক। অনেকেই ভাবে এটাতে মানবজাতির ইতিহাস বুঝি একটার পর একটা লেখা। এমন হলে এই বই আন্তজার্তিক মহলে এত সাড়া ফেলতে পারতো না। বইটা মোটেই ইতিহাসের ঘটনা একটার পর একটা লিপিবদ্ধ করা নেই। লেখক বরং বিভিন্ন মেজর ঘটনার গুরুত্ব ও প্রভাব একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করা কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না হয়তো। যেমন কৃষি বিপ্লবের ফলে যে ওই সময়ের মানুষদের উল্টা কষ্ট ও দুর্দশা আরো বেড়ে যেতে পারে, সেটা কী আপনি কখনো চিন্তা করে বের করতে পারতেন? কিংবা বিভিন্ন মিথ যে আমাদের টিকে থাকার লড়াইয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে সেটাও কী কখনো ভাবতে পারতেন?
প্রতিটা ঘটনা এরকম ইউনিক একটা লেন্স দিয়ে বিশ্লেষণ কিভাবে করে সেটাই শিখতে পারবেন আপনি এই বইটা পড়ে। লেখক মাঝেমাঝেই একদম এক্সট্রিম কোন মতামত দিয়েছে। সবকিছুতে আপনাকে সহমত পোষণ না করলেও চলবে। লেখকের মতামতের সাথে একমত হতে পারেন বা না পারেন, এটা নিয়ে কোন দ্বিমত পোষণ করার সুযোগ নেই যে Sapiens বইটি বর্তমান বিশ্বে অন্যতম শক্তিশালী লেখনির উদাহরণ। সামান্য একটা ঘটনাও কিভাবে অসামান্য করে লিখতে হয় সেটা আপনি এই বই পড়ে জানতে পারবেন। তাই আপনি যদি চান বিসিএস লিখিত পরীক্ষায় আপনার লেখা হোক শক্তিশালী, এই বইটা আপনাকে অবশ্যই পড়তে হবে। সাথে বোনাস হিসাবে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির সুযোগ তো থাকছেই।