10/02/2026
‘দেখি কে জিতে কে হারে’ না-লিখে লিখতে হবে ‘দেখি কে জেতে, কে হারে’। কী পার্থক্য ‘জিতে’ আর ‘জেতে’-এর মধ্যে?
হায়, আল্লাহ্, খালেদ! অনেকেই জেতে-জিতে, ওঠে-উঠে, তোলে-তুলে, বোঝে-বুঝে, কেনে-কিনে, মেশে-মিশে, শেখে-শিখে, লেখে-লিখে ইত্যাদি ক্রিয়াপদকে গুলিয়ে ফেলেন। সমাধান হচ্ছে— সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়াপদের বিবৃত রূপ (যেমন — জেতে, ওঠে, তোলে, বোঝে, কেনে, মেশে, শেখে, লেখে) এবং অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়াপদের সংবৃত রূপ (যেমন— জিতে, উঠে, তুলে, বুঝে, কিনে, মিশে, শিখে, লিখে) ব্যবহৃত হবে।
বিবৃত রূপ কী?
যেটা উচ্চারণ করতে ঠোঁট বেশি মেলতে হয়, সেটা। সংবৃত রূপ কী?
যেটা উচ্চারণ করতে ঠোঁট কম মেলতে হয়, সেটা।
উদাহরণস্বরূপ— উচ্চারণের ক্ষেত্রে ঠোঁট বেশি মেলতে হয় ‘জেতে’ বা ‘ওঠে’ বলার সময়ে, কম মেলতে হয় ‘জিতে’ বা ‘উঠে’ বলার সময়ে। তাই, ‘জেতে’ ও ‘ওঠে’ হচ্ছে বিবৃত রূপ এবং ‘জিতে’ ও ‘উঠে’ হচ্ছে সংবৃত রূপ।
সমাপিকা ক্রিয়া কী?
যে-ক্রিয়াপদ দ্বারা বাক্য শেষ হয়। উদাহরণস্বরূপ—
অস্ট্রেলিয়া খেলতে নামলেই জেতে।
সে ঘুম থেকে ওঠে।
সে ফুল তোলে।
সে ভালো মানুষদের সাথে মেশে।
সে বই কেনে।
সে গান শেখে।
সে ভালো লেখে।
এখানে জেতে, ওঠে, তোলে, মেশে, কেনে, শেখে, লেখে দ্বারা বাক্য শেষ হয়ে যাচ্ছে; জানার কিছু বাকি থাকছে না; তাই, এগুলো সমাপিকা ক্রিয়া এবং তাই, এখানে ক্রিয়াপদের বিবৃত রূপটা ব্যবহৃত হলো।
অসমাপিকা ক্রিয়া কী?
যে-ক্রিয়াপদ দ্বারা বাক্য শেষ হয় না, কিছু বাকি থেকে যায়। উদাহরণস্বরূপ—
অস্ট্রেলিয়া ছয়বার বিশ্বকাপ ‘জিতে’ রেকর্ড করেছে।
সে ঘুম থেকে ‘উঠে’ স্কুলে যায়।
সে ফুল ‘তুলে’ মালা গাঁথে।
সে ভালো মানুষদের সাথে ‘মিশে’ অনেক কিছু জেনেছে।
সে গান ‘শিখে’ বড় শিল্পী হবে।
সে ভালো ‘লিখে’ খ্যাতি অর্জন করেছে।
এখানে জিতে, উঠে, তুলে, মিশে, শিখে, লিখে দ্বারা একটি বাক্যও শেষ হয়নি; আরও কিছু জানার বাকি ছিল। তাই, এরা অসমাপিকা ক্রিয়া এবং এসব ক্ষেত্রে ক্রিয়াপদের সংবৃত রূপ ব্যবহৃত হয়েছে।
হায়, আল্লাহ্, খালেদ!
-আখতারুজ্জামান আজাদ