05/08/2026
কালীগঞ্জ সরকারি কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা কর্তৃক আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উপলক্ষে এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সুযোগ্য সম্পাদক এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব শেখ আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূগোল বিভাগের প্রভাষক জনাব সিরাজুল কবির এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব রেশমা সুলতানা।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও অনুষ্ঠানের সভাপতি জনাব শেখ আব্দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে আমাদের জাতীয় জীবনে ধারণ করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। হাজারো শহীদের রক্ত কখনোই বৃথা যেতে দেওয়া হবে না।”
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক জনাব গোলাম মহিউদ্দিন, প্রভাষক জনাব মিত্র তাপস কুমার, প্রভাষক জনাব সিরাজুল কবির, প্রভাষক জনাব মোঃ রবিউল ইসলাম, প্রভাষক তহমিনা পারভিন, প্রভাষক মৌমিতা মল্লিক এবং সাধারণ শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোকচিত্র প্রদর্শনী, সংগীত প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি। এসব আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচেতনা, দেশপ্রেম এবং সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের সমাপ্তিতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই আয়োজন শুধুমাত্র অতীতের আত্মত্যাগকে স্মরণ করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, গণতান্ত্রিক চেতনা এবং জাতি গঠনে ইতিবাচক ভূমিকা পালনের অনুপ্রেরণা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।