02/10/2025
হারিয়ে গেলো পড়ালেখা............. !!!
হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়ার শব্দ শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে, অমুক পড়ছে আর তুই বসে আছিস?
অথচ ১৫/২০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেতো। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো।
সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো, প্রাণপণে চেষ্টা করতো স্কুলের পড়া করে যাওয়ার। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিলো।
বোর্ড পরীক্ষার আগে বিভিন্ন সাজেশন্সেরও খুব কদর ছিলো। আগের বছর পাশ করা বড় ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল চেরা বিশ্লেষণ চলতো।
মাত্র ১৫/২০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেলো। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে (এন্ড্রয়েড সেট) ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রূপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস,পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী করা, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, অন্যকে কিভাবে ঠকানো যায় নানান বেয়াদবীগুলোই এখন তাদের পছন্দের তালিকা ।।
হায়রে শিক্ষা ! অসহায় শিক্ষক !!