21/03/2020
#করোনা_ভাইরাস
বর্তমান পরিস্থিতিতে মাদরাসার ছাত্রদের করণীয়
মুফতি সাখাওয়াত হোসাইন রাজী
ছাত্র ভাইয়েরা !
তাকদীরের উপর বিশ্বাস রাখা ঈমান। কঠিন পরিস্থিতিতেও এ বিশ্বাসের উপর অবিচল থাকতে হবে। এটা করলে ওইটা হত, এটা করো নাই বিধায় ওইটা হয় নাই, এভাবে করলে এমন অবস্থা হতো না ইত্যাদি ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে হবে। মনে রাখতে হবে, ভাইরাসের কোনো ক্ষমতা নেই। কোথাও ভাইরাস ছড়িয়ে পড়লেই যে কাউকে আক্রান্ত করতে পারে না। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার নিয়ন্ত্রণেই সব। তাই শরীয়তের গন্ডির ভেতরে থেকে যথাসম্ভব সর্তকতা অবলম্বন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। দোয়া ও তিলাওয়াতের আমল চালু রাখতে হবে।
হে ইলম পিপাসু ছাত্ররা !
আকস্মিক অনেকটা পরিস্থিতির শিকার হয়েই দ্বীনি পরিবেশ ছাড়তে হয়েছে তোমাদের। আমাদের জন্য এটা অত্যন্ত কষ্টকর। তাছাড়া দীর্ঘ সময় দ্বীনি পরিবেশের বাহিরে থাকা কোনোভাবেই নিরাপদ নয়। আশা করছি এদিক-সেদিক ঘোরাফেরা না করে ঘরটাকেই মাদ্রাসা বানাবে। মহল্লার মসজিদগুলো আবাদ করবে। মুসল্লিদের সামনে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের সঠিক পথ তুলে ধরবে।
হে হেদায়েতের তারকারা !
জাতি আজ অন্ধকারে নিমজ্জিত। পরিত্রাণের পথের খোঁজে দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে। জাতিকে সোজা পথের দিশা দিতে দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে। তোমাদের হাতেই আছে ওহীর আলোর মশাল। আজ বস্তুবাদীরা পৃথিবীটাকে সংকীর্ণ করে ফেলছে। সতর্কতার নামে ডেকে আনছে নতুন মুসিবত। তোমরাই জাতিকে শোনাবে সুসংবাদ। প্রজ্বলিত করবে আশার আলো। মুমিনের হারানোর কিছুই নেই, ধৈর্য ধারণ করলে মিলবে শাহাদাতের মর্যাদা।
হে দ্বীনের অতন্দ্রপ্রহরীরা !
জাতি এখনো তোমাদের উপর আস্থা রাখে। তোমরা যখন মাটির নিচের জগৎ নিয়ে কথা বলো তারা বিশ্বাস করে। তোমরা যখন আকাশ জগতের কথা বল জাতি তাতেও দ্বিমত করে না। অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে তোমাদের সব কথাই তো তারা মেনে নেয়। তাহলে বর্তমান এবং বাস্তবতা কেন মেনে নিবে না? বর্তমান ও বাস্তব সংকটের সমাধান ওহীর আলোকে জাতির সামনে তুলে ধরো। ইহকাল ও পরকালের কল্যাণ যে পথে সে পথ তারা কখনোই অগ্রাহ্য করতে পারবে না।
আল্লাহ তা'আলা তোমাদের আমাদের সবাইকে দ্বীনের সমঝ দান করুন। আমীন!