19/02/2026
যেভাবে পাবলিক স্পিকিংয়ে পারদর্শী হওয়া যায় 🎤 🗣️
নিজের চিন্তা, দক্ষতা ও ব্যক্তিত্ব মানুষের সামনে তুলে ধরার অন্যতম কার্যকর মাধ্যম হলো পাবলিক স্পিকিং। ব্যক্তিগত ও পেশাগত জীবনের বহু ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। পাবলিক স্পিকিংয়ে ভালো করার জন্য প্রয়োজনীয় কিছু কার্যকর কৌশল নিচে তুলে ধরা হলো।
যথাযোগ্য বিশ্লেষণ
দর্শকের কাছে কোনো একটি বিষয়ের গ্রহণযোগ্যতা অর্জনের জন্য যথাযথ ব্যাখ্যা প্রয়োজন। কেন এটি এরকম? কীভাবে এটি কাজ করে? কেন এটি করা উচিত-এ প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে নিজের বার্তা দর্শকের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া যায়। বক্তা প্রতিটি বিষয়কে কেন দ্বারা প্রশ্ন করার মাধ্যমে কী কী ব্যাখ্যা প্রয়োজন সবকিছু বুঝতে পারবেন।
দর্শক অনুযায়ী বক্তব্য
অনেকেই বিভিন্ন বয়স, পেশা, মতাদর্শের অনুসারী মানুষের জন্য একই ধরনের স্পিচ দেয়। একটি শিশু ও একটি মধ্যবয়স্ক ব্যক্তির বয়সের পার্থক্য-এদের মানসিকতাতেও পার্থক্য তৈরি করে। আবার একজন গবেষক ও একজন ব্যবসায়ীর মধ্যে কর্মক্ষেত্রের ভিন্নতা থাকার ফলে একই বক্তব্য তাদের মধ্যে একই রকম উপলব্ধি তৈরি করতে পারে না। এ কারণে, একেকটি গ্রুপকে একেকভাবে বোঝান প্রয়োজন। তাই দর্শকের কথা মাথায় রেখে বক্তব্য দেওয়া উচিত।
সুন্দর বাচনভঙ্গি
বিশ্বের সব শ্রেষ্ঠ পাবলিক স্পিকারদের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য হলো অন্যদের প্রভাবিত করতে পারার ক্ষমতা। জন এফ কেনেডি, মার্টিন লুথার কিং, স্টিভজবস প্রমুখ সবার মধ্যেই এই বৈশিষ্ট্য লক্ষ করা যায়। তো এর রহস্য কী? রহস্য হলো এদের শব্দচয়ন, বাচনভঙ্গি, শরীরী ভাষা, স্বরের ওঠানামা। এরা এমন কিছু শব্দ ব্যবহার করতেন যেগুলো মানুষের মধ্যে গেঁথে যায়, বক্তাকে অনেক আকর্ষণীয় করে তুলে। পাশাপাশি এরা বাক্যের কিছু কিছু জায়গায় স্ট্রেস দিতেন, স্বর ওঠানামার করার মাধ্যমে বৈচিত্র্য নিয়ে আসতেন। [ #জ্ঞানসমগ্র ]
বেশি বেশি পড়া
ভালো বক্তব্যের জন্য প্রয়োজন ভালো কনটেন্ট। এর জন্য নানা তথ্য সংগ্রহ করতে হবে, যার জন্য ইন্টারনেট তো রয়েছেই। পাশাপাশি প্রতিদিন খবরের কাগজ, নানা বইপত্র প্রচুর সাহায্য করবে সবাইকে। উল্লেখ্য যে, সময় উপযোগী তথ্য এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে আপডেটেড কনটেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গল্প বলা
বক্তব্যে একটি গল্পের উপস্থিতি বক্তব্যকেই বদলে দেয়। গল্প বক্তব্য যেকোনো সময়েই বলা যায়, তবে বক্তব্য শুরুতে বললে ভালো। গল্প বলার ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের গল্প অথবা বক্তব্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত বাস্তবভিত্তিক গল্প বলা উচিত। গল্প বলার ক্ষেত্রে সাবলীল ভাষা ব্যবহার করা প্রয়োজন।
কেননা এর মাধ্যমে সহজে দর্শকের অনুভূতি স্পর্শ করা সম্ভব এবং দর্শকের পক্ষেও গল্পের সঙ্গে বক্তব্যের বিষয়বস্তুর সম্পর্ক স্থাপন করা সহজ হয়।
উল্লেখ্য, এর মাধ্যমে দর্শকের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করাও সম্ভব। তাই পাবলিক স্পিকিংয়ে সফলতার একটি 'গোপন' উপায় হলো গল্প বলা।
উপরিউক্ত উপায়গুলো অবলম্বন করার মাধ্যমে পাবলিক স্পিকিংয়ে দক্ষতা অর্জন সম্ভব হবে এবং সহজেই নিজেকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা সম্ভব হবে।
উল্লেখ্য, এর মাধ্যমে দর্শকের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করাও সম্ভব।
লেখা: আফসানা আক্তার
ছবি: খবরের কাগজ