21/07/2020
BJS VIVA পরীক্ষা প্রস্তুতিঃদেওয়ানী মামলা সংক্রান্ত
১. বাটোয়ারা মামলা কখন করে?
★ যখন শরীকদের মধ্যে জমি ভাগ-বন্টন না হওয়ার ফলে, বিরোধ দেখা দেয় এবং সংক্ষুব্ধ পক্ষ তার প্রাপ্যের চেয়ে কম পরিমান জমিতে দখলে থাকে।
২. কখন Cancellation of Deed (ধারা-৩৯) মামলা হয়, আর কখন Declaration of cancellation of deed (ধারা-৪২) মামলা হয়?
★ বাদী যদি নালিশী দলিলের পক্ষ হয়, তাহলে সে Cancellation of Deed এর মামলা করবে।
আর বাদী যদি নালিশী দলিলের পক্ষ নয় বা তৃতীয় কোন ব্যক্তি, সেক্ষেত্রে বাদী ৪২ ধারার অধীনে Declaration of cancellation of Deed এর মামলা করবে।
৩. কয়টি কারনে দলিল সংশোধনের মামলা করা যায়?
★ দুটি ক্ষেত্রে- ১. প্রতারণা করে কোন দলিল করা হলে, ২. পারস্পরিক ভুলে কোন দলিল সৃষ্টি হলে।
৪. স্বত্বের ঘোষণার মামলা কখন করা হয়; আর খাস দখলসহ স্বত্ব ঘোষণার মামলা করা হয়?
★ কোন ব্যক্তি নালিশী জমিতে দখলে আছে, কিন্তু তার স্বত্ব কেউ অস্বীকার করে তখন স্বত্ব ঘোষণার মামলা করা হয়।
আর কোন ব্যক্তির নালিশী জমিতে স্বত্ব আছে, কিন্তু দখল নেই এবং কেউ তার স্বত্ব অস্বীকার করে; তখন খাসদখল সহ স্বত্ব ঘোষণার মামলা করতে হয়।
৫. পারিবারিক মামলায় কাবিননামা সঠিক না হলে বা অবৈধ হলে, তখন তার প্রতিকার কী?
★ প্রথমত উক্ত সংক্ষুব্ধ ব্যক্তির বিরুদ্ধে পারিবারিক মামলা দায়ের হলে বা সে যদি পারিবারিক মামলা ইতিমধ্যে দায়ের করলে, তখন উক্ত ব্যক্তি উক্তি পারিবারিক মামলায় কাবিননামার বৈধতা যাচাইয়ের দাবী করতে পারে৷ অর্থাৎ, পারিবারিক মামলায় কাবিননামা সঠিক আছে কিনা সেটা একটা ইস্যু বলে বিবেচনা করা যাবে।
আবার উক্ত ব্যক্তি চাইলে আলাদাভাবে কাবিননামা অবৈধ ঘোষণার জন্য আলাদা দেওয়ানী মামলা করতে পারে।
৬. চিরস্থায়ী নিষেধাজ্ঞার মেয়াদ কতদিন; আর অস্থায়ী নিষেধাজ্ঞার মেয়াদ কতদিন?
★ অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন আদেশ। অস্থায়ী নিষেধাজ্ঞার মেয়াদ হচ্ছে আদেশে উল্লেখিত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা মামলা শেষ না হওয়া পর্যন্ত।
আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা রায়/ডিক্রি আকারে হয়। এটার মেয়াদ চিরস্থায়ী বা অন্য কোন রায় দ্বারা বাতিল না হওয়া পর্যন্ত।
৭. টাকা ডিক্রি জারী মামলা কী এবং টাকা মামলা কী?
★আদালতে এ দুটো মামলার নাম ব্যবহারিকভাবে বলা হয়।
কোন মামলায় কোন অর্থ প্রদানের ডিক্রী/রায় হলে, তখন উক্ত টাকা আদায়ের জন্য যে ডিক্রী জারীর আলাদা মামলা করতে হয়, সেটা টাকা ডিক্রি জারী মামলা।
আর যখন কোন ব্যক্তি কারো নিকট থেকে টাকা/অর্থ প্রাপ্তির দাবী করে যে দেওয়ানী মামলা করে, সেটা টাকা মামলা।
৮. হিন্দু পারিবারিক মামলা কোন আইনে ও কোথায় হয়?
★পারিবারিক আদালত আইন, ১৯৮৫ অনুযায়ী গঠিত পারিবারিক আদালতে।
৯. হিন্দু পারিবারিক মামলায় কোন নারী কতদিন পর্যন্ত ভরণপোষণ পাবে?
★ হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ নেই৷ তাই কোন হিন্দু নারী ভরণপোষণ কতদিন পাবে তা কোন আইনে উল্লেখ না থাকায়, কোন হিন্দু নারী তার দাম্পত্য দায়িত্ব পালনে অস্বীকার না করা পর্যন্ত ভরনপোষণ প্রাপ্য হবে।
©
মুজিবুর রহমান,
সহকারী জজ,
টাঙ্গাইল।