30/07/2026
আলহামদুলিল্লাহ
মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে মাইন্জ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, রাজশাহী (হিফয মাদরাসা শাখা)-এর উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। এরপর প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় হামদ-নাত, ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা, ইংরেজি ও আরবি বক্তব্য উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল আহমেদ, সাবেক কাউন্সিলর, ১৬ নং ওয়ার্ড, রাজশাহী সিটি কর্পোরেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ কারী মাওলানা মুফতী জাকারিয়া হাবিবী, সাধারণ সম্পাদক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, রাজশাহী বিভাগ এবং মোঃ আলমাস, উপ-প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং আধুনিক শিক্ষায় সমান গুরুত্বারোপ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
পরে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেনারেল বিভাগের প্রধান মোঃ রিফাত ইসলাম এবং জেনারেল বিভাগের শিক্ষক দেলোয়ার হোসাইন।
উৎসাহী অভিভাবকদের উপস্থিতি, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।
পরিশেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মাইন্জ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, রাজশাহী (হিফয মাদরাসা শাখা)-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকমণ্ডলী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী এবং সকল শিক্ষার্থীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
কর্তৃপক্ষ
মাইন্জ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, রাজশাহী
হিফয মাদরাসা শাখা