03/09/2026
অন্যের আলো নয়, নিজের আকাশকে আলোকিত করুন
অন্যের প্রদীপ নিভিয়ে নিজের ঘরে কখনো আলো জ্বালানো যায় না। বরং অন্যের আলো নিভানোর প্রচেষ্টায় একসময় নিজের প্রদীপটিও নিভে যেতে পারে।
তাই কারও পথ রুদ্ধ করার আগে একবার নিজের পথের দিকে তাকান। কারও সাফল্যে ছায়া ফেলার চেষ্টা না করে নিজের স্বপ্নের আকাশে ধীরে ধীরে সূর্যোদয়ের সুযোগ দিন।
শুরুটা ছোট হতে পারে—একটি স্বপ্ন, একটি উদ্যোগ, কিংবা একটি নীরব প্রচেষ্টা। তবে সেই প্রচেষ্টার সঙ্গে যদি ধৈর্য, সততা ও নিয়মিত পরিশ্রম যুক্ত থাকে, তাহলে সময় একদিন তার যথাযথ ফল দেবে—ইনশাআল্লাহ।
মনে রাখবেন, অন্যের পা টেনে কেউ নিজের উচ্চতা বাড়াতে পারে না। কারও পতন আপনার উত্থান নয়, আর কারও ব্যর্থতা আপনার সাফল্যের প্রমাণ নয়।
অন্যের জীবনে কাঁটা বিছাতে যে সময় ব্যয় করছেন, সেই সময় নিজের বাগানে ফুল ফোটাতে ব্যয় করুন। অন্যের হিসাব রাখার আগে নিজের অসমাপ্ত গল্পের হিসাব নিন।
আর হ্যাঁ—অন্যের জীবন নিয়ে অযথা বিশ্লেষণ করার সময় শেষ করুন। ষড়যন্ত্রের তথাকথিত ‘ডাটা প্যাক’ বন্ধ করে নিজের ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার কাজে মনোযোগ দিন।
জীবন সত্যিই বিস্ময়কর। আমরা অনেক সময় অন্যের জানালায় আলো কতটা জ্বলছে, সেই হিসাব করতে করতে নিজের ঘরের অন্ধকারের কথাই ভুলে যাই।
কে কী পেল, কে কোথায় গেল, কে কতদূর এগিয়ে গেল—এসবের হিসাব করতে করতে জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো নিঃশব্দে আমাদের পাশ কাটিয়ে যায়।
তাই অন্যের প্রোফাইলে বসে নিজের জীবন কাটাবেন না। অন্যের গল্প দেখে ঈর্ষান্বিত হওয়ার পরিবর্তে নিজের গল্পটি এমনভাবে লিখুন, যেন একদিন অন্যরা তা পড়ে অনুপ্রেরণা পায়।
কারণ জীবন কোনো প্রতিযোগিতা নয়। এখানে আপনার প্রকৃত প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয়, বরং গতকালের আপনি।
গতকালের তুলনায় আজ নিজেকে কিছুটা উন্নত করুন। আজকের চেয়ে আগামীকাল আরও এক ধাপ এগিয়ে যান। পৃথিবীকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করুন।
নিজের প্রদীপটি জ্বালিয়ে রাখুন। হয়তো আলোটি আজ খুব ক্ষীণ, হয়তো আপনার পথ এখনো অন্ধকারে ঢাকা। তবু আলো জ্বালিয়ে রাখুন।
কারণ একটি ছোট প্রদীপও অন্ধকারের সঙ্গে আপস করে না।
আর কে জানে—আপনার সেই ছোট্ট আলোই একদিন কারও দীর্ঘ অন্ধকার পথের প্রথম আশার আলো হয়ে উঠবে। ✨
প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী
উপাচার্য
নওগাঁ বিশ্ববিদ্যালয়