18/05/2026
জিলহজ্জ মাস শুরু হবার আগের আমল
নখ, চুল, গোঁফ ইত্যাদি কেটে পরিচ্ছন্ন হয়ে নিই
জিলহজ্জ মাস শুরু হওয়ার পর চুল-নখ ইত্যাদি না কাটার নির্দেশনা রয়েছে। এই সুন্নাত আমলটির মাধ্যমে আমরা অজস্র সওয়াব হাসিল করতে পারি ইনশাআল্লাহ। তাই প্রত্যেকেই চেষ্টা করি জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার আগেই চুল-নখ ইত্যাদি কেটে পরিচ্ছন্ন হয়ে নিই। পরিবারের ছোট-বড় সবাইকে উক্ত আমলে অংশীদার করি।
বাংলাদেশে চুল-নখ কাটার শেষ সময়:
সোমবার, ১৮ মে ২০২৬ — সূর্যাস্তের আগে
এদিন (আজ) জিলকদ মাসের ২৯ তারিখ। সোমবার সন্ধ্যায় জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সোমবার সূর্যাস্তের আগেই আমরা প্রয়োজনীয় পরিচ্ছন্নতার কাজগুলো সেরে ফেলব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
কেউ যদি কুরবানি দিতে চায়, তাহলে জিলহজ্জ মাস আসার পর যেন সে আর তার নখ-চুল না কাটে। [মুসলিম শরীফ, হাদীস ৫২৩০]
আরেকটি হাদীসে আছে, একজন সাহাবী একবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চেয়েছেন:
‘আমার একটি মাত্র দুধের বকরি আছে। আমি কি তা কুরবানি করে দেব?’
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘না, তুমি বরং তোমার নখ-চুল কাটো, গোঁফ ছোট করো আর লজ্জাস্থানের লোম পরিষ্কার করো। আল্লাহ পাকের নিকট এটাই তোমার কুরবানির পূর্ণতা হিসেবে বিবেচিত হবে।’
[আবু দাউদ, হাদীস : ২৭৯১]
ঈদের দিন কখন চুল-নখ ইত্যাদি কাটা যাবে?
উপরের দুটি হাদীসের আলোকে যারা কুরবানি দেবে এবং যারা দেবে না, সকলের জন্যেই এক কথা। তারা জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে আর নখ-চুল কাটবে না। যারা কুরবানি দেবে তারা কুরবানি করার পর কাটবে, আর যারা কুরবানি দেবে না তারা ঈদের নামাজ শেষে যখন কুরবানি করার সময় হয় তখন কাটবে।
হজপালনরত ভাগ্যবানদের জন্যে ক্ষণে ক্ষণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত নাযিল হতে থাকে, কুরবানি ও এর পূর্বে দশদিন নখ-চুল কাটা থেকে বিরত থেকে তাদের সঙ্গে সামান্য সাদৃশ্য অবলম্বন করে আশা করা যায় সে রহমত কিছুটা হলেও আমাদের ভাগ্যে জুটবে।
আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ্ অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমীন। লেখাটি আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দিন। যেন তাদের সওয়াবের অংশও আপনি পেয়ে যান!
©