09/09/2025
কুষ্টিয়া জেলার ২৫ বছরের একজন ছাত্র। পদ্মা নদীর ধারে নানা বাড়িতে বেড়াতে গিয়ে ডান পায়ে সাপ কামড়িয়েছিল। যথারীতি ওঝার কাছে গিয়ে বুঝতে পারে এটা বিষধর সাপ, তাই ওখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে যখন ভর্তি হয় তখন প্রচন্ড শ্বাসকষ্ট। ফুসফুসের অবস্থা বেশ খারাপ। কিডনি বিকল হয়ে গিয়েছিল। আইসিইউতে হেমো ডায়ালাইসিসসহ আমরা আইসিইউর নিয়ম অনুযায়ী সব ব্যবস্থা দিয়ে আজ তাকে ওয়ার্ডে স্থানান্তর করি। কোন অক্সিজেন সাপোর্ট লাগেনি। সাপটি ছিল রাসেল ভাইপার।
এ বছর এত বেশি পরিমাণ সাপে কামড়ানো রোগী ভর্তি হয়েছে, গত ১৪ বছরে এত রোগী আমি দেখিনি। এবং সব রোগীর শ্বাসকষ্ট হচ্ছিল।
২০২৪ সালে সর্বমোট ৫৭ জন রোগীর আইসিইউতে ভর্তি হয়েছিল, এর মধ্যে মৃত্যুর হার ছিল ২৪%।
অথচ এবছরে গতকাল ০৮ ই সেপ্টেম্বর পর্যন্ত রোগী ভর্তি হয়েছে ৮৩ জন, তবে মৃত্যুর হার কিছুটা কম ১৪%।
এ বছর এখন পর্যন্ত রাসেল ভাইপার সাপে কামড়ানো ০৭ জন রোগী আইসিইউ ভর্তি হলেও তার ০৬ জনই মৃত্যু বরন করেছে। অপরদিকে ঘরে কামড়ানো সাপ ( Common Kraits) বিষক্রিয়ার জন্য ৭৬ জন রোগীর ৭১ জন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় সম্পুর্ন সুস্থ হয়ে বাড়ী চলে গেছেন, শতকরা হার ৯৩%।
মানুষের সচেতনতা বাড়লে এটা শতভাগ করা সম্ভব, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ সকল রোগীর জন্য সম্পুর্ন বিনামূল্যে Anti Venom দেওয়া হয় এবং প্রতিটি রোগীর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তথা এ গরীব দেশের সরকার খরচ করেছে কমপক্ষে ৩০ হাজার টাকা। কিছু রোগীর জন্য আরও বেশি।
যে সকল রোগী মৃত্যু বরন করেছে তারা সবাই অনেক দেরীতে হাসপাতালে পৌঁছেছিল। স্বাভাবিক ভাবেই চিকিৎসা পেতেও দেরি হবার কারনে তাদের আর এ পৃথিবীতে থাকা সম্ভব হলো না।
সচেতনতা বেড়েছে নিঃসন্দেহে, তবু একটিও সাপে কামড়ানো রোগী মারা যাবে না, এটা সকলের মত আমারও কামনা। তাই, দ্রুত হাসপাতালে নিজের স্বজনদের অবশ্যই ভর্তি করতে হবে। নদী তীরবর্তী এলাকার কৃষকরা গামবুট পরে মাঠে কাজ করতে পারে সে ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে।
মহান মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সবাইকে সাপে কামড়ানোর বিষক্রিয়ায় মৃত্যু থেকে রক্ষা করবেন, এ দোয়া করি।
- ডা: আবু হেনা মোস্তফা কামাল
আইসিইউ প্রধান
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
০৯/০৯/২০২৫