04/01/2024
আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শহিদদের যে কবর রয়েছে তারমধ্যে একজন ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক। তিনি ১৯৭০ ব্যাচের ছাত্র ছিলেন। উনার বাড়ি পাবনা জেলার ইশ্বরদীর দাদপুর গ্রামে। তিনি ১৯৪৯ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন। ৫ ভাই ২ বোনের মধ্যে তিনি ছিলেন ৪র্থ। এলাকায় তিনি তোরাব নামে পরিচিত ছিলেন।
ঐতিহ্যবাহী পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচ এস সি পাস করে ততকালীন রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়ে ভর্তি হন। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন।
যুদ্ধকালে তিনি দেশ মাতৃকার ডাকে সাড়া দিয়ে প্রশিক্ষণের জন্য ভারত গমন করেন এবং ফিরে এসে ৭ নং সেক্টরের অধীন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের ডিসেম্বরের শুরুর দিকে তিনি নিজ গ্রামে ফেরত যান, সেখানে একদন্তের যুদ্ধে অংশ নেন এবং আহত সহযোদ্ধাকে কাধে করে ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার জীবন রক্ষা করেন। যুদ্ধের অংশ হিসেবে নিজ এলাকায় বিভিন্ন জনকে যুদ্ধের প্রশিক্ষণ দেন এবং বাংকার খনন করেন।
বাড়িতে কয়েকদিন অবস্থানের পর তিনি ফেরত জান চাপাই নবাবগঞ্জ। সেখানে যুদ্ধের পর তিনি রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়ের ছাত্র হোস্টেলে ফেরত আসেন।
কিন্তু রাজাকার ছাত্রদের দৃষ্টি এড়ায় নি বিষয়টি। তাদের তথ্যের উপর ভিত্তি করে ৯ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় দিকে পাক বাহিনী ছাত্রাবাসে রেইড দেয় এবং তোজাম্মেল হক সহ কয়েকজন ছাত্রকে আটক করে নিয়ে যায়। তাদের রাখা হয় রাজশাহীর একটি দোতলা বাড়িতে। কয়েকদিনের নির্যাতনের পর রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়ের তিন ছাত্র তোজাম্মেল হক, জেড এম শওকত রেজা এবং আমিনুল হক কে হত্যা করে গনকবর দেয়া হয় ১২ ডিসেম্বর।
স্বাধীনতার পর বোয়ালিয়া থানার কাছে এক গনকবর থেকে রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়ের তিন ছাত্রের লাশ শনাক্ত করেন ততকালীন ছাত্র শিক্ষকেরা। তাদের দেহ পরবর্তীতে ধর্মীয় রীতিনীতি মেনে আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে দাফন করা হয়।
( বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে আমি আমার বন্ধু ও জুনিয়রদের সহায়তায় ৪ জন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়েছিলাম, তাদের মধ্যে একজন হলেন তোজাম্মেল হক। বাকিরা হলেন শহিদ আব্দুল হামিদ, শহিদ শহীদুল ইসলাম, শহিদ বনি আমিন। ইচ্ছে ছিল রুয়েটে যে সকল বীর মুক্তিযোদ্ধা যুদ্ধে শহিদ হয়েছেন তাদের ব্যাপারে তথ্য উপাত্ত সংগ্রহ করব, কিন্তু ব্যস্ততা জনিত কারনে সেটা আর হয়ে উঠে নি।)
©️ Sabbir Ahmed ME'11