26/05/2026
আলহামদুলিল্লাহ, গতকাল (২৫ মে ২০২৬) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আমাদের রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে “প্রথম প্রান্তিক মূল্যায়ন-২০২৬”-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, সম্মানিত অভিভাবকদের আন্তরিক অংশগ্রহণ এবং অতিথিবৃন্দের মূল্যবান দিকনির্দেশনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত, সুশৃঙ্খল ও স্মরণীয়।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও আমাদের স্কুলের প্রধান উপদেষ্টা জনাব মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী।
স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মাইনুদ্দিন আল আতিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ইউপি সদস্য জনাব মাওলানা আব্দুর রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল মালেক হাওলাদার, উপদেষ্টা জনাব শাহ আলম মাস্টার, পল্লি চিকিৎসক জনাব আবুল হোসেন।
মূল্যায়নে যারা মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃতিত্ব অর্জন করেছে, তাদেরকে আমাদের স্কুলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত শুভকামনা। তোমাদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। আশা করি, এই অর্জন তোমাদের ভবিষ্যতের পথচলায় আরও বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক—এই দোয়া রইলো।
আর যারা এবার কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারোনি, তাদের জন্যও রইলো ভালোবাসা, সাহস ও উৎসাহ। মনে রেখো—একটি ফলাফল কখনোই জীবনের শেষ কথা নয়। তোমাদের প্রত্যেকের মধ্যেই অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। সাময়িক ব্যর্থতায় হতাশ না হয়ে ভুলগুলো শুধরে নিয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাও। কারণ চেষ্টা ও পরিশ্রম কখনো বৃথা যায় না। ইনশাআল্লাহ, আগামী দিনগুলোতে তোমরাই হবে সেরাদের কাতারে।
সম্মানিত অভিভাবকদের প্রতি বিনীত আহ্বান— সন্তানের শিক্ষার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো পরিবার। মূল্যায়নে প্রত্যাশিত ফল না এলে সন্তানকে মানসিক চাপ না দিয়ে তাকে সাহস, ভালোবাসা ও প্রেরণা দিন। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সুন্দর চরিত্র গঠনের প্রতিও যত্নবান হোন। আপনার আন্তরিক সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনাই একটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
আমাদের এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন—সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুল পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
আপনাদের সন্তানদের আদর্শ, নৈতিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা সবসময় আপনাদের পাশে আছি।..
ধন্যবাদান্তে
কর্তৃপক্ষ
রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুল