20/01/2024
১। প্রথম প্রজন্মের কম্পিউটার (First Generation Computer) [১৯৪০-১৯৫৬] : প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। হাজার হাজার ডায়োড বাল্ব, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে এরা আকারে অনেক বড় ছিল। কয়েকটি ঘর জুড়ে থাকত ঐসব কম্পিউটার, যা বর্তমানে অকল্পনীয়। চালু অবস্থায় কম্পিউটার ভীষণ গরম হয়ে যেতো। তাই না পুড়ে যাবার জন্য মাঝে মাঝে ঠান্ডা পানি ব্যবহার করতে হতো। এগুলো ছিল সীমিত তথ্য ধারণক্ষমতাসম্পন্ন এবং পরিচালনার জন্যে অত্যধিক বিদ্যুৎশক্তি প্রয়োজন হতো। বাল্বের কার্যকালও খুব কম। এ কম্পিউটারগুলো ব্যয়বহুল হলেও কম নির্ভরযোগ্য ছিল। কাজের গতি ছিল মন্থর। ১৯৪৩ সালে নির্মিত সর্বপ্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হলো ENIAC (Electronic Numerical Integrator and Calculator) কম্পিউটার। এটি তৈরি করেন ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার মুর স্কুল অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক জন মশলি (John Mauchly) এবং তার প্রকৌশলী জে. প্রেসপার ইকার্ট (J. Presper Eckert)। ১৯৪৩ সালে এ কম্পিউটারের কাজ শুরু হয় এবং ১৯৪৫ সালে এর কাজ শেষ হয়। আটলান্টিক মহাসাগরের ওপারে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্রের পথ পরিমাপের জন্য দ্রুতগতির হিসাব যন্ত্রের প্রয়োজন উপলব্ধি করে। লক্ষ্য স্থানের দূরত্বের উপর নির্ভর করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের কোণ পরিবর্তন করতে হয়। এজন্য ENIAC (Electronic Numerical Integrator and Calculator) কম্পিউটারের জন্ম হয়। ১৯৫৪ সালের শেষে বোস্টনে প্রথম আবির্ভূত হয় IBM-650। এটি ছিল এ প্রজন্মের ব্যাপকভাবে সমাদৃত কম্পিউটার। উদাহরণ- IBM-650, MARKII, ENIAC, EDVAC, EDSAC ইত্যাদি। এসব কম্পিউটারে প্রথমে মেশিনের ভাষায় এবং পরে ১৯৫২-৫৩ সালে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম তৈরি করা হয়।
প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য:
(i) ভ্যাকুয়াম টিউব ও বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বর্তনীর ব্যবহার;
(ii) ধীরগতিসম্পন্ন গণনাকারী যন্ত্র;
(iii) আকারে অনেক বড়;
(iv) পাঞ্চকার্ডের মাধ্যমে ইনপুট-আউটপুট ব্যবস্থা করা হয়;
(v) মেশিন ভাষার নির্দেশ প্রদান;
(vi) মেমরি হিসাবে ম্যাগনেটিক ড্রামের ব্যবহার।