16/10/2025
অর্জন ও বিশ্লেষণ
ধরুন, কোম্পানি ক ও খ এক বছরে ১০,০০০ টাকা করে মুনাফা করেছে। এখানে কোন কোম্পানির অর্জন তুলনামূলকভাবে ভালো তা শুধু মুনাফার পরিমাণ দেখে বলা যাবে না। যদি জানেন, কোম্পানি ক ৮০,০০০ টাকা ও খ ৯০,০০০ টাকা বিনিয়োগ করেছে, তাহলে আপনি সহজেই বলতে পারবেন কোম্পানি ক তুলনামুলকভাবে ভালো করেছে। কারণ তার বিনিয়োগ কম কিন্তু অর্জন খ-এর সমান।
একইভাবে, দুজন শিক্ষার্থী যদি পরীক্ষায় জিপিএ ৫ পায়, তাদের অর্জন সমান না-ও হতে পারে। কারণ তাদের জন্য বিনিয়োগ যেমন, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, প্রাইভেট পড়ার খরচ, সময় ইত্যাদি সমান না-ও হতে পারে। কারও জিপিএ ৫-এর সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে এর পেছনে কত টাকা খরচ হয়েছে তা উল্লেখ করলে এ অর্জনের মূল্য জানা যেত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তাদের জিপিএ ৫-এর সংবাদ উৎসাহ নিয়ে প্রচার করার সঙ্গে সঙ্গে জিপিএ ৫ প্রাপ্তদের পেছনে গড়ে কত টাকা ব্যয় হয়েছে তা জানালে আমরা প্রতিষ্ঠানের তুলনামূলক অর্জন বিশ্লেষণ করতে পারবো।
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন।
প্রফেসর ডঃ মোঃ মাইন উদ্দিন
ব্যাংকিং এন ইন্সুরেন্স বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়