17/10/2025
খারাপ রেজাল্টের জন্য অজুহাত খুঁজো না। প্রশ্ন কঠিন হয়েছে, এবার খাতা কাটায় খুব কড়াকড়ি হয়েছে- দয়া করে এসব অজুহাত দিয়ে নিজেকে স্বান্তনা দিও না। রেজাল্ট খারাপের কারণ তুমি নিজে কিনা তা ভাবো এবং শোধরাও। অজুহাত দিয়ে কোনো ফায়দা হবে না।
যারা এইচএসসিতে খারাপ করেছে...।
বাদল সৈয়দ
শুধু শিক্ষার্থী নয়, তাদের অভিভাবকদেরও পড়ার বিনীত অনুরোধ করছি। অর্ধেক পড়ে বাচ্চাকে বকাঝাকা না করে দয়া করে পুরোটা পড়ুন।
১)
এটি একটি সংকেত: সাবধান হও।
পরীক্ষার খারাপ রেজাল্ট একটি সংকেত। এর দ্বারা বোঝা যাচ্ছে, তোমার কোনো সমস্যা আছে, যা ভালো ফল করতে দেয়নি। হতে পারে সেটি পড়ালেখায় অবহেলা, অন্যকিছু নিয়ে ব্যস্ত থাকা, রুটিন না মানা ইত্যাদি। তোমাকে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। তারপর সেগুলো সমাধান করতে হবে। নয়ত পরের পরীক্ষাও খারাপ হবে এটা নিশ্চিত।
২)
সমস্যা উতরাও।
প্রথমেই বলেছি, তোমার সমস্যা কী তা বের করতে হবে। তারপর তা উতরাতে হবে। কীভাবে উতরাবে?
এর সহজ পদ্ধতি হলো, সমস্যাগুলো লিখে ফেলো। তারপর কোনটি কতদিনে উতরাবে সেটার টাইমলাইন ঠিক করো। কঠিনভাবে এ টাইমলাইন মেনে একটি একটি করে সমস্যাগুলোকে ঝেঁটিয়ে বিদায় করো।
৩)
অজুহাত খুঁজো না।
খারাপ রেজাল্টের জন্য অজুহাত খুঁজো না। প্রশ্ন কঠিন হয়েছে, এবার খাতা কাটায় খুব কড়াকড়ি হয়েছে- দয়া করে এসব অজুহাত দিয়ে নিজেকে স্বান্তনা দিও না। রেজাল্ট খারাপের কারণ তুমি নিজে কিনা তা ভাবো এবং শোধরাও। অজুহাত দিয়ে কোনো ফায়দা হবে না।
৪। অন্যকে দোষ দিও না।
অজুহাত যেমন দেবে না, একইভাবে অন্যকে দোষও দেবে না। কলেজে পড়ায়নি, টিচার ভালো না-এসব দোষ দিও না। এসব সমস্যা যারা ভালো করেছে তাদেরও ছিল। দোষটা নিজেকে দাও। যারা নিজের সমালোচনা করতে পারবে, ভবিষ্যতে তাদের রেজাল্ট এত ভালো হবে যে আজকের ব্যর্থতা পাত্তাই পাবে না।
৫)
লক্ষ্য ঠিক করো।
এরপর তুমি কী করবে তা ঠিক করো। ফেইল করলে আবার পরীক্ষা দিতে হবে। আশানুরূপ রেজাল্ট না করলে কীভাবে, কোথায় ভর্তি হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নাও। তাতে যাতে সফল হও সেজন্য প্রস্তুতি নাও। যে ক্ষতি হয়ে গেছে তা তোমাকেই পূরণ করতে হবে। আর কেউ করে দেবে না। এখানে আশার একটি রূপালি রেখা আছে, তাহলো এ ক্ষতি পূরণযোগ্য। শুধু তোমাকে চেষ্টা করতে হবে।
৬)
খাওয়াদাওয়া ঠিকভাবে করো।
আমি শতভাগ নিশ্চিত তোমাদের খাওয়াদাওয়ার ঠিক ছিল না। একেকদিন একেক সময়ে খেয়েছ বা ঠিকভাবে খাওনি। এটা তোমাদের মস্তিষ্ক এবং শরীরকে ঠিকমতো প্রস্তুত হতে দেয়নি। দয়া করে ঠিকভাবে খাওয়াদাওয়া করো। দুর্বল শরীরে পরীক্ষা নামের খেলার মাঠে গোল করা যায় না।
৭)
ঘুমাও।
আমি এটাও নিশ্চিত তোমাদের অনেকের ঘুমেরও ঠিক ছিল না। রাতজাগার অভ্যাস ছিলো। এ অভ্যাস তোমার পরীক্ষা প্রস্তুতিতে খারাপ প্রভাব ফেলেছে। সামনেও ফেলবে। ভালোভাবে ঘুমাও, দেখবে ম্যাজিকের মতো অনেক কিছু বদলে যাবে। (রাতে জেগে দিনে ঘুমাবে তা নয়)
৮)
মোবাইল ছাড়ো।
হিসেবে করো দেখো মোবাইল বা ইন্টারনেট তোমার কত সময় নিচ্ছে। নিজেই চমকে যাবে। সামনে ভালো করতে হলে মোবাইলের ব্যবহার কমাতে হবে। ভালো করার এটি অনিবার্য শর্ত।
৯)
সঙ্গ ছাড়ো।
চিন্তা করে দেখো কারো সঙ্গ তোমার পড়ায় ডিস্টার্ব করছে কিনা? হলে পত্রপাঠ তাকে বিদায় করো। সে কি আজ তোমার খারাপ ফলাফলের দায় নিচ্ছে? কিংবা তার কোনো ক্ষতি হচ্ছে? কোনোটাই হচ্ছে না। গাড্ডায় পড়েছ তুমি, সে নয়।
১০)
শৃঙ্খলা মেনে চলো।
শৃঙ্খলা না মানলে রাজাও রাজত্ব হারিয়ে ফকির হয়ে যায়। তুমি-আমি তো সামান্য মানুষ। তোমার পরীক্ষা খারাপের কারণ যদি শৃঙ্খলাহীনতা হয় তবে এ দোষ কাটিয়ে উঠো।
১১)
হাওয়াই স্বান্তনাকে পাত্তা দিও না।
অনেকেই বলবে, বিল গেটস ফেইল করেছে, স্টিভ জবস ফেইল করেছে। এসব হাওয়াই স্বান্তনায় কান দিও না। এরা ব্যতিক্রম। সামনে ভালো না করলে তোমার ভবিষ্যত অন্ধকার। এটাই বাস্তবতা। তা মেনে নাও। তাহলে লড়াই করার ইচ্ছে জাগবে।
কঠিন কথা শেষে একটি সত্য কথা বলি। তাহলো, এ পরীক্ষা জীবনের শেষ পরীক্ষা নয়। এইচএসসিতে খারাপ করেও অনেকে দুনিয়া জয় করেছে, তুমিও পারবে। শুধু দায়িত্ব নিজের উপর নিয়ে আবার ঝাঁপ দিতে হবে।
পাদটীকা: অভিভাবকদের প্রতি অনুরোধ ওদের বকা দেবেন না। নিজেরাও মাথা খারাপ করবেন না। এ লেখার শেষ প্যারা আপনাদের জন্যও প্রযোজ্য। আপনার সন্তান সামনে অবশ্যই ভালো করবে।
(ছবিটি Paperboat নামে একটি পেইজ থেকে নেওয়া)
#আসুনমায়াছড়াই
16/10/2025
15/10/2024
23/04/2024
26/11/2023
08/02/2023
07/06/2022
08/08/2020
26/07/2020
25/09/2019
17/07/2019