04/05/2026
ভালোবাসবি কখন ♥
ফাল্গুন তো চলে যাচ্ছে,
ভালোবাসবি কখন?
চৈত্র বৈশাখে রোদে পুড়ে কালো হবো,
তখন আমার লালচে কালো গায়ের রঙের জন্য তোর
ভালোবাসা আসবে না,
জৈষ্ঠ আষাঢ় শ্রাবনে তো বৃষ্টিতে
ভিজে অসুখ বাঁধিয়ে ফেলবো,
তখন তো আমার অসুখ সারানোর
ভয়ে কাছে আসবি না,
ভাদ্র আশ্বিনে সাদা মেঘবালিকা
হয়ে আকাশের বুকে জমে থাকা
কালো মেঘদল তাড়াবি,
তখন তো আমাকে ভাবার সময় থাকবে না,
কার্তিক অগ্রহায়ণে শুভ্র
কাশফুলের মত বাতাসে সুর ভাসাবি
তখন আমার জন্য তোর গলায় সুর আসবে না।
পৌষ মাঘে তুই তোর প্রিয় ঋতুকে
রং তুলিতে সাজাবি,
খুব ভোরে শিশিরে রক্ত গোলাপ
চরন ভেজাবি,
শীতের বস্তা গায়ে দিয়ে যখন
উত্তরের হাওয়া বইবে
তখন আগুনের কাছে কম্বল মুড়ি
দিয়ে তুই খোশ গল্পে মেতে উঠবি।
এবাবেই সময় ফুরাবে
আবারো ফাল্গুন এসে চলে যাবে,
আমায় ভালোবাসবি কখন?