08/07/2025
আমি যদি এখন মারা যাই...
আমার ইদানিং খুব মনে হয় আমি যদি আজ এখন এই অবস্থায় মারা যাই তাহলে কি জান্নাতে যেতে পারবো? চিন্তা করে দেখি, কিছু ভালোকাজ তো করেছি। সেগুলো আল্লাহ কবুল করলে তো জান্নাত পেতেই পারি। আবার গুনাহের দিকে যখন তাকাই তখন মনে হয়, আল্লাহ মাফ না করলে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আল্লাহ মাফ করবেন তো? (আল্লাহুম্মাগফিরলী)
আমি তো জানি, আমি কী ভালো করেছি আর কী খারাপ করেছি। নিজেরটা সবাই জানে। তারপরেও অন্যারটা নিয়ে ব্যস্ত থাকে সবাই। মাঝে মাঝে ভাবি, আমি যে গুনাহগুলো করেছি তা তো নিশ্চিত পাপ ছিলো। এই পাপগুলো তো লেখা হয়েছে। অবশ্য সেই পাপগুলো থেকে তো তাওবা-ইস্তিগফারও করেছি, করছি, করতে থাকবো। কিন্তু আমার করা তাওবা-ইস্তিগফার কি আল্লাহ কবুল করেছেন? এর কি কোনো নিশ্চয়তা আছে? নাই। তাহলে কিসের আশায় নির্ভয়ে আছি? তবে নির্ভয়ে থাকার সুযোগ না থাকলেও আশায় থাকার সুযোগ শেষ হয়ে যায়নি। আল্লাহ মাফ করবেন। মাফ করার অসংখ্য উপায় তিনি তৈরি করে দিয়েছেন। দুনিয়ায় যতগুলো পাপ আছে তার চেয়ে মাফের উপায় বেশি। এমনকি একটি মাফের উপায় দিয়ে সারাজীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। আবার আল্লাহ চাইলে কোনো উপায় ছাড়াই আমাকে মাফ করে পারেন। তাই ভেবে আশাবাদী হই।
আরেকটা ভাবনা খুব ভাবি, আমি মারা যাওয়ার পর পৃথিবীর মানুষ আমাকে কি মনে রাখবে? রাখলে কিভাবে রাখবে? আমি তো সমাজে ভালো মানুষ হিসাবে পরিচিত। পাবলিকের চোখের সামনে তো খারাপ কিছু করছি না। যা খারাপ করি তা সবচেয়ে ভালো জানেন আল্লাহ আর জানি আমি আর জানে যার বা যাদের সাথে খারাপ কাজ করি সে বা তারা। তাহলে মানুষ তো আমাকে ভালো হিসাবেই মনে রাখবে বলে আশা করতে পারি। মানুষ কি আমার জন্য দোয়া করবে? মনে অনেককেই অনেকে রাখে। কিন্তু সবাই তো সবার দোয়া পায় না। আমি যদি মারা যাওয়ার পর মানুষের দোয়া না পাই তাহলে কী করলাম এই জীবনে? পাবো তো মানুষের দোয়া?
দুই দিনের এই দুনিয়া আজ কিংবা কাজ ছেড়ে যেতেই হবে। আমি মারা যাওয়ার পর দুচারদিন মানুষ মনে রাখবে। স্মৃতিচারণ করবে। কোনো ভালো কাজ রেখে যেতে না পারলে কবরে শুয়ে কিছুই পাবো না আর। দুনিয়ায় থাকতে যা করে গিয়েছি তাই সাথী। কিন্তু মারা যাওয়ার পরেও যদি কিছু কবরে শুয়ে পাওয়া যেতো তাহলে কতই না ভালো হতো! তাই চাই জীবনে এমন কিছু করতে যাতে মৃত্যুর পরেও আমল বন্ধ না হয়।
রঙের এই দুনিয়া আপনাকে ব্যবহার করছে মাত্র। আপনি যে কয়দিন দুনিয়াকে দিতে পারবেন সে কয় দিন আপনার মূল্য দুনিয়াবাসীর কাছে। আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়লেই কিংবা মারা গেলেই আর কেউ মনেও করবে না। কত বড় বড় দাপুটে মানুষগুলোকে দেখছি একাকী নিঃসঙ্গ অবস্থায় হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়ির বেডরুমে ধুঁকে ধুঁকে মরতে। তারপরও আমাদের দুনিয়ার মায়া কমে না। দুনিয়ার মেকি রূপ-সৌন্দর্যের মোহ আমাদেরকে নিকট ভবিষ্যতে আল্লাহর সামনে দাঁড়াবার কথা ভুলিয়ে দিয়েছে। আফসোস!
এই লেখার আমি শুধু আমি নই, তুমিও
এই লেখার তুমি শুধু তুমি নও, আমিও।।
শাহাদাৎ_হোসেন_খান_ফায়সাল [ রাহিমাহুল্লাহ ]